ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

বেনাপোল বন্দরে সন্ত্রাসী হামলায় ৮ শ্রমিক আহত

বেনাপোল বন্দরে সন্ত্রাসী হামলায় ৮ শ্রমিক আহত
×

বেনাপোল প্রতিনিধি

প্রকাশ: ২৮ অক্টোবর ২০১৯ | ০৫:৫০

বেনাপোল বন্দরে শ্রমিকদের ওপর সন্ত্রাসী হামলায় ৮ শ্রমিক আহত হয়েছে। সোমবার সকালে ছোট আঁচড়া বাইপাস রোডে  এ ঘটনা ঘটে।

আহতরা হলেন বেনাপোল বন্দর থানার খড়িডাঙ্গা গ্রামের দীন মোহাম্মদের ছেলে আবু কালাম, রঘুনাথপুর গ্রামের জানিক আলীর ছেলে দুল্লী, দৌলতপুর গ্রামের মিজানের ছেলে শরিফুল, শামীম, সম্রাট, জুয়েল, কামাল ও রাজু।

এ ঘটনার প্রতিবাদে সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত  সব ধরনের কাজ বন্ধ রেখে আন্দোলন করে শ্রমিকরা। সেই সঙ্গে বহিরাগত সন্ত্রাসীরা যাতে বন্দর এলাকায় না প্রবেশ করতে পারে সে জন্য মোড়ে মোড়ে  প্রতিরোধ অবস্থান নেয় শ্রমিকরা।  পরে পুলিশ সন্ত্রাসীদের গ্রেফতারের আশ্বাস দিলে শ্রমিকরা কাজে যোগদান করেন।     

আহত শ্রমিক নেতা শাহিন হোসেন দুল্লী জানান, তিনি ও তার গ্রুপের শ্রমিকরা মিলে বেনাপোল ছোট আঁচড়া বাইপাস রোডে পাথর লোড-আনলোডের কাজ করতে যান। এসময় একদল সন্ত্রাসী প্রাভেটকারে যোগে এসে কর্মরত শ্রমিকদের গায়ের উপর তুলে গাড়ি তুলে দেয় এবং গাড়ির দরজা দিয়ে বাড়ি মারতে থাকে। সেই সঙ্গে লাঠি, বোমা ও দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায়। এ সময় ছোট আঁচড়ার মোড় সহ কয়েকটি এলাকায় সন্ত্রাসীরা ৭ থেকে ৮ টি বোমা বিস্ফোরণ ঘটায়। মুহুর্তের মধ্যে দোকানপাট বন্ধ হয়ে যায়।  এ হামলায় ৮ শ্রমিক আহত হন।  পরে তাদেরকে উদ্ধার করে হাসপাতালে পাঠায় স্থানীয় জনগণ।

বন্দরের ৮৯১ নং হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের সভাপতি রাজু আহম্মেদ, বন্দরের হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক রাশেদ আলী কয়েকজন সন্ত্রাসী নিয়ে শ্রমিকদের উপর হামলা চালিয়েছে বলে অভিযোগ করেন।

এদিকে বেনাপোল পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জুলফিকার আলি মন্টু বলেন, শান্ত বেনাপোলকে অশান্ত করতে একদল সন্ত্রাসী উঠে পড়ে লেগেছে। 

বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ মামুন খান জানান,  শ্রমিকদের সাথে কথা বলে হামলাকারীদের আটকের আশ্বাস দিলে তারা দ্রুত সময়ে বিক্ষোভ কর্মসুচি প্রত্যাহার ও বন্দরের সকল কার্যক্রম সচল করেন ।

তিনি আরও জানান, এ ঘটনায় পোর্ট থানায় একটি মামলা হয়েছে। অভিযুক্তদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত আছে।


আরও পড়ুন

×