বিএসএফের গুলিতে ভারতীয় গরু চোরাচালানকারী নিহত
কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশ: ২৮ অক্টোবর ২০১৯ | ০৬:৫৩ | আপডেট: ২৮ অক্টোবর ২০১৯ | ০৭:০৬
কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার পাথরডুবি ইউনিয়নের বাঁশজানী এলাকার ভারতের দীঘলটারী সীমান্তে বিএসএফের (ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী) গুলিতে ভারতীয় এক গরু চোরাচালানকারী নিহত হয়েছে। সোমবার ভোরে ভারতের অভ্যন্তরে দীঘলটারী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত যুবকের নাম আখেরুল শেখ। তিনি ভারতের দীঘলটারী গ্রামের মানিক শেখের ছেলে।
বাংলাদেশের বাঁশজানী গ্রামের কয়েক ব্যক্তি জানান, ভোরে দীঘলটারী গ্রামের দিকে গুলির শব্দ শোনা যায়। এরপর সকালে আন্তর্জাতিক সীমানা পিলার ৯৭৫-এর ৮ ও ৯ নম্বর সাব-পিলারের মাঝামাঝি ভারতের দিঘলটারী সীমান্তের জিরো লাইন ঘেঁষে গুলিবিদ্ধ এক যুবকের লাশ দেখতে পান তারা। সকাল ১০টার দিকে বিএসএফ ও ভারতীয় পুলিশ সদস্যরা লাশটি নিয়ে যায়। এ সময় বাংলাদেশের ভূ-খণ্ডে অবস্থান নিয়ে ময়দান বিওপি’র বিজিবি সদস্যরা তাদের এই কার্যক্রম পর্যবেক্ষণ করেন।
পাথরডুবি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবির বলেন, দুপুরের দিকে ঘটনাস্থলের পাশ দিয়ে যাচ্ছিলাম। ওই সময় এলাকাবাসী জানায় যে, ভোরে তারা ভারতীয় ভূ-খণ্ডের অভ্যন্তরে গুলির শব্দ শুনেছেন। আখেরুল বিএসএফের গুলিতে নিহত হয়েছে বলেও তারা জানায় আমাকে।
ওই এলাকায় প্রায় ২০০ মিটার এলাকা জুড়ে কাঁটাতারের বেড়া না থাকায় এখানে গরু চোরাচালানকারীদের আনাগোনা বেশি বলেও জানান এই ইউপি চেয়ারম্যান।
- বিষয় :
- বিএসএফ
- গুলি
- ভারতীয় নিহত