সাইনবোর্ড টানিয়ে করোনার ‘প্রতিষেধক’ বিক্রি, চিকিৎসককে জরিমানা
হোমিওপ্যাথিক চিকিৎসককে জরিমানা করছেন ভ্রাম্যমাণ আদালত
পিরোজপুর প্রতিনিধি
প্রকাশ: ০৩ জুন ২০২০ | ১১:০৯ | আপডেট: ০৩ জুন ২০২০ | ১১:১২
করোনাভাইরাসের প্রতিষেধক পাওয়া যায় এমন সাইনবোর্ড টানিয়ে ওষুধ বিক্রির দায়ে শ্যাম দুলাল হালদার নামে এক হোমিওপ্যাথিক চিকিৎসককে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার বিকেলে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রামানন্দ পাল এ অর্থদণ্ড দেন।
দণ্ডপ্রাপ্ত শ্যাম দুলাল হালদার শহরের বাইপাস সড়ক সংলগ্ন মণ্ডল পাড়ার রসরাজ হোমিও হলের মালিক।
জানা গেছে, শ্যাম দুলাল তার নিজের ফার্মেসিতে করোনার প্রতিষেধকসহ চিকিৎসা দেওয়া হয় বলে একটি সাইনবোর্ড টানিয়ে দেন।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট রামানন্দ পাল জানান, ফার্মেসির মালিক শ্যাম দুলাল হালদারকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এদিকে, পিরোজপুরে বুধবার নতুন আরও দুইজন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৭৮ জন।