ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

ভোলায় সহিংসতা: বিচার বিভাগীয় তদন্ত দাবি

ভোলায় সহিংসতা: বিচার বিভাগীয় তদন্ত দাবি
×

সোমবার জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিকের কাছে স্মারকলিপি দেন ভোলা জেলা মুসলিম ঐক্য পরিষদের নেতারা -সমকাল

 ভোলা প্রতিনিধি

প্রকাশ: ২৮ অক্টোবর ২০১৯ | ১০:১১

বোরহানউদ্দিনে সহিংসতার ঘটনায় বিচার বিভাগীয় তদন্তসহ ছয় দফা দাবি জানিয়েছে 'ভোলা জেলা মুসলিম ঐক্য পরিষদ'। এ বিষয়ে সোমবার জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিকের কাছে স্মারকলিপি দিয়েছেন ঐক্য পরিষদের নেতারা।

এদিকে, সহিংসতার পর থেকে আন্দোলনকারীরা 'সর্বদলীয় মুসলিম ঐক্য পরিষদ' নামে তাদের কার্যক্রম পরিচালনা করলেও রোববার আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে 'ভোলা জেলা মুসলিম ঐক্য পরিষদ' গঠন করেছেন। এ কমিটিতে বেশ কয়েকজনকে উপদেষ্টা রাখা হয়েছে। গতকাল এ তথ্য গণমাধ্যমকে জানানো হয়।

সোমবারের স্মারকলিপিতে স্বাক্ষর করেন নবগঠিত কমিটির সভাপতি মাওলানা আবদুর রহমান খান তালুকদার ও সম্পাদক মাওলানা মোবাশ্বিরুল হক নাঈম। এতে বলা হয়, মহানবীকে (সা.) নিয়ে কটূক্তি করার বিষয়টি ক্ষমার অযোগ্য অপরাধ হওয়ায় এ বিষয়ে সর্বোচ্চ শাস্তির বিধান রেখে আইন পাস করতে হবে। এ ছাড়া ফেসবুকে কটূক্তির ঘটনায় বিপ্লব চন্দ্র শুভর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা, হয়রানিমূলক মামলা প্রত্যাহার ও গ্রেপ্তার ব্যক্তিদের নিঃশর্ত মুক্তি দেওয়া, পুলিশের গুলিতে হতাহত ও সংখ্যালঘুদের ঘরবাড়ি-মন্দিরে হামলা ভাঙচুরের ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত এবং আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে হবে। আরও বলা হয়, সংখ্যালঘুদের ঘরবাড়ি ও মন্দিরে হামলা-ভাঙচুরের সঙ্গে তৌহিদী জনতা জড়িত নয়। মূল ঘটনা আড়ালের চেষ্টা চলছে বলেও অভিযোগ করা হয়।

ভোলা জেলা মুসলিম ঐক্য পরিষদ : রোববার সর্বদলীয় মুসলিম ঐক্য পরিষদের জরুরি বৈঠকে সর্বসম্মতিক্রমে আহ্বায়ক কমিটি বিলুপ্ত করা হয়। এতে সভাপতিত্ব করেন যুগ্ম আহ্বায়ক তৈয়বুর রহমান। সভায় 'ভোলা জেলা মুসলিম ঐক্য পরিষদ' নামকরণের মাধ্যমে ৩৭ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ও ১৭ সদস্যের উপদেষ্টা পরিষদ গঠিত হয়। কমিটির অন্যরা হলেন মাওলানা তৈয়বুর রহমান, মুফতি ইয়াছিন নবীপুরী, মুফতি আহমাদ উল্লাহ, মীর মো. বেলায়েত হোসেন, আতাউর রহমান মোমতাজী ও মাওলানা তাজউদ্দিন ফারুকী সহসভাপতি এবং মাওলানা মুহা, মিজানুর রহমানকে যুগ্ম সম্পাদক ও মুখপাত্র করা হয়েছে।

আরও পড়ুন

×