সিলেট ও সুনামগঞ্জে ৯১ জনের করোনা শনাক্ত
প্রতীকী ছবি
সিলেট ব্যুরো
প্রকাশ: ০৪ জুন ২০২০ | ১১:৪৭ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০
সিলেট বিভাগের দুই জেলায় নতুন করে আরও ৯১ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এদের মধ্যে সিলেট জেলায় ৬০ জন এবং সুনামগঞ্জে ৩১ জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে।
বৃহস্পতিবার ওসমানী মেডিকেল কলেজ এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) ল্যাবে নমুনা পরীক্ষায় ওই ৯১ জনের রিপোর্ট করোনা পজেটিভ আসে।
নতুন আক্রান্তদের নিয়ে সিলেট বিভাগে মোট করোনা রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৩২৭ জনে। এদের মধ্যে ৭৩৯ জন সিলেট জেলার বাসিন্দা। অন্যদিকে সুনামগঞ্জে মোট আক্রান্ত বেড়ে হয়েছে ২৫০ জন। এ ছাড়া হবিগঞ্জে ১৯৪ জন ও মৌলভীবাজারে ১৪৪ জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে। বৃহস্পতিবার এই দুই জেলায় নতুন কেউ শনাক্ত হয়নি।
ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায় জানান, ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ১৮৮ জনের নমুনা পরীক্ষা হয়; যাদের মধ্যে ৬০ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। সিলেটে নতুন শনাক্ত হওয়াদের মধ্যে নগরীর শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন হবিগঞ্জ ও সুনামগঞ্জের একজন করে রয়েছেন।
অন্যদিকে শাবির জিইবি বিভাগের সহকারী অধ্যাপক জিয়াউল ফারুক জয় জানান, বৃহস্পতিবার তাদের ল্যাবে সুনামগঞ্জের ১৮৮ জনের নমুনা পরীক্ষা হয়েছে। এদের মধ্যে ৩১ জনের রিপোর্ট করোনা পজেটিভ এসেছে। হবিগঞ্জ ও মৌলভীবাজারের নমুনা পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়। সেখান থেকে কয়েকদিন পরপর রিপোর্ট আসলে নতুন আক্রান্ত শনাক্ত হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয় সূত্র জানায়, সিলেট বিভাগে এখন পর্যন্ত করোনায় ২৬ জনের মৃত্যু হয়েছে; যার মধ্যে ২০ জনই সিলেট জেলার বাসিন্দা। এছাড়া মৌলভীবাজারের চারজন এবং হবিগঞ্জ ও মৌলভীবাজারের একজন করে রয়েছে। পুরো বিভাগে এখন পর্যন্ত ৩৩৩ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এ ছাড়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১৫৮ জন।