শেরপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু
প্রতীকী ছবি
শেরপুর প্রতিনিধি
প্রকাশ: ০৪ জুন ২০২০ | ১২:২৬ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০
শেরপুরে তানজিনা বেগম (১৮) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। মাত্র ছয় মাস আগে তার বিয়ে হয়েছিল।
বৃহস্পতিবার বিকেলে জেলা শহরের দীঘারপাড় এলাকার স্বামীর বাড়ীতে ঘরের আড়া থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। লাশ ফেলে রেখে গা-ঢাকা দিয়েছে স্বামী-শ্বশুরবাড়ির লোকজন।
স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত তানজিনা বেগম শ্রীবরদী উপজেলার কুরুয়া গ্রামের হারুনুর রশীদের মেয়ে। ছয় মাস আগে শেরপুরের দীঘারপাড় মহল্লার বাসিন্দা ইজিবাইক চালক মঞ্জু মিয়ার সাথে তার বিয়ে হয়। বিয়ের পর থেকেই নানা বিষয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কলহ চলছিল। বৃহস্পতিবার সকালে চরম কলহের পর বিকেলে তানজিনা আত্মহত্যা করেছে প্রচার করে স্বামীসহ শ্বশুর বাড়ির সবাই পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
শেরপুর সদর থানার ওসি মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন বলেন, মৃত্যুটি রহস্যজনক। লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট এলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। পুলিশ পলাতক স্বামী ও শ্বশুর বাড়ির লোকজনকে ধরতে অভিযান পরিচালনা করবে।