আন্দোলনে নিহত আফনানের মা
যাকে নিয়ে খুশি উদযাপন করব, তাকে তো গুলি করে মেরে ফেলেছে
আন্দোলনে নিহত আফনান। ছবি: সংগৃহীত
লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৪ | ০২:৩১ | আপডেট: ১৬ অক্টোবর ২০২৪ | ০৪:৪৪
লক্ষ্মীপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে নিহত সাদ আল আফনান পাটওয়ারী এইচএসসিতে জিপিএ ৪.১৭ পেয়ে উত্তীর্ণ হয়েছেন। তিনি লক্ষ্মীপুর ভিক্টোরি কলেজের বিজ্ঞান বিভাগ থেকে এইচএসসি পরীক্ষা দিয়েছিলেন। আফনান লক্ষ্মীপুর পৌর শহরের বাঞ্চানগর গ্রামের মৃত সালেহ আহমেদের ছেলে।
আফনানের এ অর্জন পরিবারের জন্য খুশির খবর হওয়ার কথা ছিল। কিন্তু ফল পাওয়ার পর তারা অঝোরে কান্নায় ভেঙে পড়েন।
মঙ্গলবার দুপুরে আফনানের মা নাছিমা আক্তার কান্নাজড়িত কণ্ঠে বলেন, ভালো ফলাফল আমার কাছে খুশির খবর। কিন্তু যাকে নিয়ে আমি খুশি উদযাপন করব, সেই তো আমার কাছে নেই। গুলি করে আমার ছেলেকে মেরে ফেলেছে। আমার কোল শূন্য করে দিয়েছে। আফনানকে নিয়ে অনেক স্বপ্ন ছিল। এইচএসসি পাসের পর বিদেশে পড়তে যাওয়ার কথা ছিল। সব শেষ হয়ে গেল।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের লক্ষ্মীপুরের সমন্বয়ক এনামুল হক বলেন, আফনান লক্ষ্মীপুরের প্রথম শহীদ। তিনি এইচএসসিসহ দুনিয়ার সব পরীক্ষায় সফলতার সঙ্গে কৃতকার্য হয়েছেন। আমরা দোয়া করি- আল্লাহ যেন দুনিয়ার মতো পরকালেও তাকে সফলতা লাভের তৌফিক দান করেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ৪ আগস্ট লক্ষ্মীপুরের মাদাম ব্রিজ এলাকায় গুলিবিদ্ধ হয়ে মারা যান আফনান। পরে ১৪ আগস্ট আফনানের মা নাছিমা আক্তার বাদী হয়ে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম সালাহ উদ্দিন টিপুকে প্রধান করে ৭৫ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতপরিচয় ৫০০-৬০০ জনের বিরুদ্ধে মামলা করেন।
- বিষয় :
- লক্ষীপুর
- বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
