ঢাকা সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রামে গাড়ি চাপায় অন্তঃসত্তা কুকুর মারা আসামির জামিন

চট্টগ্রামে গাড়ি চাপায় অন্তঃসত্তা কুকুর মারা আসামির জামিন
×

প্রতীকী ছবি

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৬ | ২৩:০৪ | আপডেট: ০৬ সেপ্টেম্বর ২০২৬ | ২৩:১১

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানার ডিসি হিল এলাকায় গাড়িচাপায় অন্তঃসত্তা একটি পথ কুকুরের মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলার আসামি বাবলা দাশকে জামিন দিয়েছেন আদালত। আজ রোববার চট্টগ্রামের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মহিদুল ইসলামের আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন বাবলা দাশ। শুনানি শেষে আদালত তার জামিন মঞ্জুর করেন।

বাদীপক্ষের আইনজীবী নাজবীন সুলতানা জেনি বলেন, মামলার এক নম্বর আসামি বাবলা দাশ আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে শুনানি শেষে জামিন মঞ্জুর করেন। মামলায় ডিসি হিলের মূল ফটক দিয়ে বের হওয়া পিকআপ ভ্যানের চালক ও একজন নিরাপত্তাকর্মীকে আসামি করা হয়েছিল। পরবর্তীতে মামলার চার্জশিটে বাবলা দাশকে আসামি করা হয়। কোর্ট পুলিশ আমাদের চার্জশিট দাখিল ও জামিনের আবেদনের তথ্য জানায়নি। 

গত বছরের ৪ ডিসেম্বর রাত ১১টার পর ডিসি হিলের মূল ফটক দিয়ে একটি সাদা রঙের পিকআপ ভ্যান বের হওয়ার সময় ফটকের সামনে বসে থাকা একটি অন্তঃসত্তা কুকুরকে গাড়ি চাপা দেয়। এতে ঘটনাস্থলেই কুকুরটি মারা যায়। ঘটনাটি ডিসি হিলের সিসিটিভি ক্যামেরায় ধারণ হয়। এক মিনিট তিন সেকেন্ডের ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়। 

ভিডিওতে দেখা যায়, মূল ফটক দিয়ে বের হওয়ার সময় পিকআপ ভ্যানটি ধীরগতিতে এসে ফটকের সামনে থাকা কুকুরটির ওপর দিয়ে চলে যায়। এরপর কুকুরটি ছটফট করতে থাকে এবং আরও দুটি কুকুর সেখানে ছুটে আসে। এ ঘটনায় ২০২৫ সালের ১০ ডিসেম্বর পরিবেশকর্মী তোফায়েল আহমেদ আদালতে মামলা করার আবেদন করেন। বাদীর বক্তব্য গ্রহণ করে আদালত কোতোয়ালি থানা-পুলিশকে অভিযোগটি এজাহার হিসেবে নেওয়ার নির্দেশ দেন। একই সঙ্গে ১৫ দিনের মধ্যে জড়িতদের পরিচয় শনাক্ত করে গ্রেপ্তার করতে বলে আদালত।

আরও পড়ুন

×