ঢাকা রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬

হেলিকপ্টার নিয়ে গ্রামে সম্ভাব্য মেয়র প্রার্থীর ভাই, ফুলেল শুভেচ্ছা ওসির

হেলিকপ্টার নিয়ে গ্রামে সম্ভাব্য মেয়র প্রার্থীর ভাই, ফুলেল শুভেচ্ছা ওসির
×

কুষ্টিয়ার খোকসা পৌরসভার সম্ভাব্য মেয়রপ্রার্থীর ভাইকে ফুল দিয়ে বরণ করছেন পুলিশ কর্মকর্তাসহ অন্যরা

খোকসা (কুষ্টিয়া) প্রতিনিধি

প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৬ | ২২:৫৬

হেলিকপ্টারে করে গ্রামে আসা এক সম্ভাব্য মেয়র প্রার্থীর ভাইকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানোর অভিযোগ উঠেছে কুষ্টিয়ার খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা জাকির হোসেন ও পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মোশারফর হোসেনের বিরুদ্ধে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর স্থানীয়দের মধ্যে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।

আজ রোববার দুপুর ১২টার দিকে ঢাকা থেকে হেলিকপ্টারে খোকসা-জানিপুর পাইলট সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে অবতরণ করেন নাসির উদ্দিন শেখ। তিনি খোকসা পৌরসভার আসন্ন নির্বাচনে মেয়র পদপ্রার্থী ও সাবেক ছাত্রদল নেতা রবিন রায়হান জসিমের ছোট ভাই।

নাসির উদ্দিন খোকসা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কমলাপুর রুমীপাড়া এলাকার আখের উদ্দিন শেখের ছেলে। তিনি সিঙ্গাপুরপ্রবাসী ব্যবসায়ী।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, হেলিকপ্টার অবতরণের পর নাসির উদ্দিনের পরিবারের সদস্যদের সঙ্গে পুলিশের দুই কর্মকর্তা দাঁড়িয়ে রয়েছেন। একপর্যায়ে তাঁদের হাতে ফুলের তোড়া তুলে দেওয়া হয়। পরে পুলিশের কর্মকর্তাদের একজন ফুলের তোড়া ধরে পরিবারের সদস্যদের কাছে দেন।

স্থানীয়দের ভাষ্য, নাসির উদ্দিন জনশক্তি রপ্তানি ব্যবসার সঙ্গে যুক্ত। তাঁর বিরুদ্ধে প্রতারণা, চেক জালিয়াতিসহ বিভিন্ন অভিযোগে মামলা ও সাধারণ ডায়েরি রয়েছে বলে দাবি করেন তাঁরা। সম্প্রতি খোকসা বাজার-একতারপুর সড়কের উপজেলা ভূমি অফিসের পরিত্যক্ত কার্যালয়ের সামনে প্রাইভেটকারের ধাক্কায় এক পথচারী নিহত হওয়ার পর তিনি সিঙ্গাপুরে চলে যান বলেও স্থানীয়দের কেউ কেউ দাবি করেন। তবে এসব অভিযোগের বিষয়ে তাঁর বক্তব্য পাওয়া যায়নি।

স্থানীয়দের প্রশ্ন, বিভিন্ন অভিযোগে অভিযুক্ত একজন ব্যক্তিকে সরকারি কর্মকর্তা হিসেবে পুলিশ কর্মকর্তারা ফুল দিয়ে শুভেচ্ছা জানাতে পারেন কি না। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও সমালোচনা করছেন অনেকে।

জানা গেছে, সিঙ্গাপুর থেকে আন্তর্জাতিক ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর নাসির উদ্দিন নিজ এলাকায় যাওয়ার জন্য একটি হেলিকপ্টার ভাড়া করেন। হেলিকপ্টারটি তাঁকে নিয়ে খোকসার উদ্দেশে রওনা হয়ে দুপুরে খোকসা-জানিপুর পাইলট সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে অবতরণ করে। তাঁর সঙ্গে সিঙ্গাপুরপ্রবাসী দুই ব্যবসায়ী অংশীদারও ছিলেন।

হেলিকপ্টার আসার খবর ছড়িয়ে পড়লে সকাল থেকেই বিদ্যালয় মাঠের আশপাশে মানুষের ভিড় বাড়তে থাকে। হেলিকপ্টার অবতরণের পর সেটি দেখতে শত শত মানুষ জড়ো হন। অনেকে মোবাইল ফোনে ভিডিও ধারণ করেন।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে খোকসা থানার ওসি মোল্লা জাকির হোসেন বলেন, ‘এ ধরনের ব্যক্তিকে আমরা ফুল দিতেও পারি না। দিইও নাই। যাঁদের লোক, তাঁরাই ফুল দিয়েছে। আমরা নিরাপত্তার জন্য গিয়েছিলাম। তখন তাঁরাই তদন্ত কর্মকর্তাকে ফুল দিয়েছে।’ এরপর তিনি ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন।

মেয়রপ্রার্থী রবিন রায়হান জসিম বলেন, ‘ওসি কাউকে ফুল দেননি। ফুল কাদার মধ্যে পড়ে যাচ্ছিল। সেটা উনি ধরাধরি করেছেন।’ তিনি বলেন, নতুন বাড়িতে দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানে তাঁর ভাই ও কয়েকজন বিদেশি এসেছেন।

কুষ্টিয়ার পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম বলেন, ‘বিষয়টি আগে ভালো করে জানা হয়নি। পরে এ বিষয়ে বিস্তারিত বলা যাবে।’

আরও পড়ুন

×