ঢাকা রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬

সাইকেলে চড়ে হজ করতে এবার মক্কার উদ্দেশ্যে বেলাবর সজিব

সাইকেলে চড়ে হজ করতে এবার মক্কার উদ্দেশ্যে বেলাবর সজিব
×

বেলাব (নরসিংদী) প্রতিনিধি

প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৬ | ২২:৫৬

পায়ে হেঁটে ও ঘোড়ায় চড়ে হজের সেই ঐতিহ্য হারিয়ে গেছে। আধুনিকতার ছোঁয়ায় মানুষ এখন আর পায়ে হেঁটে বা ঘোড়ায় চড়ে হজ করতে যায় না। তবে এবার সাইকেলে চড়ে মক্কার পথে হজের উদ্দেশে রওনা হয়েছেন নারায়ণগঞ্জের বেলাবর সজিব তালুকদার নামে এক যুবক।

প্রাচীনকালে পায়ে হেঁটে, উট কিংবা ঘোড়ায় চড়ে মানুষ দীর্ঘ পথ পাড়ি দিয়ে পবিত্র হজ পালনের উদ্দেশ্যে মক্কার পথে যাত্রা করতেন। তখন ছিল না আধুনিক যোগাযোগব্যবস্থা, ছিল না দ্রুতগতির যানবাহন। ছিল শুধু আল্লাহর ঘর জিয়ারতের অদম্য ইচ্ছা, ঈমানি শক্তি আর দৃঢ় সংকল্প।

সময়ের পরিবর্তনে পৃথিবী এগিয়েছে অনেক দূর। আধুনিক যুগে আকাশপথে কয়েক ঘণ্টাতেই পৌঁছে যাওয়া যায় সৌদি আরবে। কিন্তু সেই আধুনিকতার যুগেও নিজের অদম্য ইচ্ছা ও স্বপ্ন বাস্তবায়নে সাইকেলে চড়ে পবিত্র হজের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছেন বেলাবর তরুণ সজিব তালুকদার। তার এই ব্যতিক্রমী উদ্যোগে এলাকায় সৃষ্টি হয়েছে ব্যাপক আগ্রহ ও উৎসাহ।

সজিব তালুকদার বেলাব উপজেলার ইব্রাহিমপুর গ্রামের তালুকদার বাড়ির বাসিন্দা। তিনি সালাউদ্দিন তালুকদারের ছেলে। 

জানা গেছে, সজিবের পরিকল্পিত যাত্রাপথে মোট ছয়টি দেশ পাড়ি দেওয়ার কথা রয়েছে। দীর্ঘ ও দুর্গম পথ সাইকেলে অতিক্রম করে সৌদি আরবে পৌঁছানোর পর মক্কায় পবিত্র হজ পালনের মাধ্যমে তিনি তার স্বপ্ন পূরণ করতে চান। তবে সজিবের জন্য সাইকেলে দীর্ঘ পথ পাড়ি দেওয়ার অভিজ্ঞতা নতুন নয়। এর আগে তিনি সাইকেলে চড়ে পুরো বাংলাদেশ ভ্রমণ করেছেন। তার সবচেয়ে উল্লেখযোগ্য কীর্তিগুলোর একটি হলো মাত্র ৪৮ ঘণ্টায় সাইকেলে টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত ছুটে যাওয়া। 

এত অল্প সময়ে দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে সাইকেলে পাড়ি দেওয়ার ঘটনা নিঃসন্দেহে বিরল ও দুঃসাহসিক।

এবার সেই অভিজ্ঞতা ও আত্মবিশ্বাসকে সঙ্গে নিয়ে দেশের সীমানা ছাড়িয়ে আন্তর্জাতিক পথে পা বাড়িয়েছেন বেলাবরের এই তরুণ। গন্তব্য সৌদি আরব, উদ্দেশ্য পবিত্র হজ। আর বাহন মাত্র একটি সাইকেল।

সজিব তালুকদার বলেন, ‘আমার এই যাত্রা শুধু একটি দীর্ঘ সাইকেল ভ্রমণ নয়; এটি অদম্য ইচ্ছাশক্তি, সাহস, আত্মবিশ্বাস ও ধর্মীয় অনুভূতির প্রকাশ। এর আগেও আমি ৬৪ জেলা সাইকেলে চড়ে ভ্রমণ করেছি। ছোটোবেলা থেকেই একটা স্বপ্ন ছিল সাইকেলে করে আমি হজ পালন করবো। দোয়া করবেন আমার স্বপ্ন যেন পূরণ হয়।’

আধুনিক যুগে যেখানে মানুষ দ্রুত ও সহজ যোগাযোগ ব্যবস্থাকে বেছে নেয়, সেখানে সাইকেলে হাজার হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে হজ পালনের সিদ্ধান্ত তাকে করে তুলেছে ব্যতিক্রমী।

আজ রোববার বেলাব উপজেলা চত্বর থেকে উপজেলা প্রশাসন ও এলাকাবাসীর কাছ থেকে বিদায় ও দোয়া নিয়ে দুপুর ১২টার দিকে সাইকেলে করে সজিব চলেন মক্কার উদ্দেশ্যে।

বেলাব উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আজিজ সারতাজ জায়েদ, সজিব তালুকদারের এমন উদ্যোগের প্রশংসা করে তাকে সাধুবাদ জানিয়েছেন। তিনি সজিবের এই ব্যতিক্রমী যাত্রার সফলতা কামনা করেন এবং নিরাপদে কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছে পবিত্র হজ সম্পন্ন করে ফিরে আসবেন, এমন প্রত্যাশা ব্যক্ত করেন।

সজিবের এই স্বপ্নযাত্রায় পরিবার, স্বজন ও এলাকাবাসীরও রয়েছে দোয়া ও শুভকামনা। দীর্ঘ ও দুর্গম পথের সব বাধা পেরিয়ে সজিব ফিরে আসবেন নিরাপদে এটাই ইচ্ছা তার পরিবার ও বন্ধু বান্ধবদের।

আরও পড়ুন

×