ফলোআপ
গুঁড়িয়ে দেয়া হলো গোয়ালন্দের সেই অস্থায়ী ইলিশ বাজার
গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
প্রকাশ: ২৯ অক্টোবর ২০১৯ | ০৫:৪৩
নিষেধাজ্ঞাকালীন সময়ে মা ইলিশ বিক্রির জন্য বিশাল আয়োজনে পদ্মার দূর্গম চরে গড়ে গড়ে ওঠা অস্থায়ী ইলিশ বাজার গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন।
এ ইলিশ বাজার নিয়ে দৈনিক সমকালে গত ২৪ অক্টোবর ‘গোয়ালন্দে পদ্মায় ইলিশ শিকারের মহোৎসব’ শিরোণামে সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়।
সোমবার দিন থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত দফায় দফায় অভিযান চালিয়ে দূর্গম চরের ওই বাজারে গড়ে ওঠা খাবার, ট্রলারের জ্বালানী তেলসহ অন্যান্য দোকানপাট ভেঙে গুঁড়িয়ে দেয়া হয়। এসময় প্রায় ১৫ লাখ মিটার কারেন্ট জাল ও অসংখ্য মাছ ধরা ট্রলার ধ্বংস করা হয়। অভিযানের বিষয়টি টের পেয়ে অস্থায়ী ইলিশ বাজার অনেকটাই জনশূন্য হয়ে যায়।
গোয়ালন্দ উপজেলা মৎস্য কর্মকর্তা রেজাউল শরীফ জানান, ইলিশ বাজার নিয়ে বিভিন্ন পত্র-পত্রিকায় সংবাদ প্রকাশিত হলে গত কয়েক দিন ওই দূর্গম চরে দফায় দফায় অভিযান পরিচালনা করা হয়েছে। এরই ধারাবাহিকতায় সোমবার নৌ পুলিশের সহযোগিতায় ওই বাজারে সারাশি অভিযান পরিচালনা করা হয়। এসময় একজনকে আটক করে ভ্রাম্যমান আদালতে জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভুমি) আব্দুল্লাহ আল মামুন জানান, দফায় দফায় অভিযান চালিয়ে কলাবাগান এলাকার ইলিশ বাজার বন্ধ করাসহ পদ্মায় মা ইলিশ শিকার নিয়ন্ত্রণ করা হয়েছে।
উল্লেখ্য, নিষেধাজ্ঞাকালীন সময়ের জন্য পদ্মা তীরের কলাবাগান নামক স্থানে গড়ে ওঠা অস্থায়ী বিশাল ইলিশ বাজারে শত শত জেলে পদ্মায় ইলিশ শিকার করে নিয়ে আসছিল। কিছুটা কম দামে সেই মাছ কেনার জন্য অস্থায়ী ওই বাজারে ভিড় করতেন শত শত মানুষ। এলাকাটি দূর্গম হওয়ায় নির্বিঘ্নে ওই বাজারে হাজার হাজার কেজি ইলিশ বিক্রি চলতো।