ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

খালেদা জিয়ার মুক্তি মানবিক ও আইনগত বিষয়: কৃষিমন্ত্রী

খালেদা জিয়ার মুক্তি মানবিক ও আইনগত বিষয়: কৃষিমন্ত্রী
×

বৃহস্পতিবার সাতক্ষীরায় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। ছবি: সমকাল

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশ: ০৩ অক্টোবর ২০১৯ | ১০:০৭ | আপডেট: ০৩ অক্টোবর ২০১৯ | ১০:১৩

কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির বিষয়টি মানবিক ও একই সঙ্গে আইনগত বিষয়। এ নিয়ে আদালতের যা রায় হবে, সরকার সেটিই বাস্তবায়ন করবে। বৃহস্পতিবার দুপুরে সাতক্ষীরার তালা উপজেলার নগরঘাটা গ্রামে গ্রীষ্মকালীন টমেটো চাষ উপলক্ষে কৃষি গবেষণা ইনস্টিটিউট আয়োজিত মাঠ দিবস কর্মসূচিতে এসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

দেশজুড়ে ক্যাসিনো ও দুর্নীতিবিরোধী অভিযান প্রসঙ্গে কৃষিমন্ত্রী রাজ্জাক বলেন, কেউ আইনের উর্ধ্বে নন, এমনকি আমার দলের লোক কিংবা আমার আত্মীয়-স্বজন, এমনকি আমিও নই। দুর্নীতিতে জড়িত লোক যে দলেরই হোক, কেউ ছাড় পাবে না।

মন্ত্রী পরামর্শ দেন, এসব দুর্নীতিবাজ ও ক্যাসিনো সম্রাটরা সাতক্ষীরার টমেটোর ক্ষেতে এসে চাষ শিখে আরও বেশি অর্থ ও সম্মান লাভ করতে পারেন। ক্যাসিনো কেলেঙ্কারিতে যারা কারাগারে আটক আছেন, তাদের সাতক্ষীরায় এনে টমেটো চাষের শিক্ষা দিলে ভালো হয়। কারণ, টমেটো চাষ করে তিন মাসে লাখ টাকা আয় করা যায়।

মন্ত্রী আরও বলেন, নানা সুযোগে বিশেষ করে কারও না কারও হাত ধরে অনেক বিতর্কিত লোক আওয়ামী লীগে ঢুকে পড়েছে। তাই যাচাই-বাছাই ও স্বচ্ছতার ভিত্তিতে আগামীতে দলীয় সংগঠন গড়ে তোলা হবে।

দেশে পেঁয়াজের অস্বাভাবিক দাম বৃদ্ধি প্রসঙ্গে তিনি বলেন, পেঁয়াজ সংকট সাময়িক। এক থেকে দেড় মাসের মধ্যে এ সংকটের নিরসন হবে। মন্ত্রী বলেন, এবার কৃষকদের ধানের ন্যায্য মূল্য দেওয়া সম্ভব হয়নি নানা কারণে। তবে আগামী বছর বেশি দামে ধান কেনা হবে।

পরে কৃষিমন্ত্রী নগরঘাটা কবি নজরুল বিদ্যাপীঠ ময়দানে কৃষি গবেষণা ইনস্টিটিউট আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণ দেন। কৃষি সচিব মো. নাসিরউজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন- সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি, সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মুস্তফা লুৎফুল্লাহ, জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক সংসদ সদস্য মুনসুর আহমেদ, সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার শেখ মুজিবর রহমান, জেলা পরিষদ চেয়ারম্যান মো. নজরুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মহাপরিচালক ড. আবুল কালাম আজাদ, কৃষি গবেষণা কর্মকর্তা মো. আক্কাস আলি। উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল, পুলিশ সুপার মো. মোস্তাফিজুর রহমান প্রমুখ।


আরও পড়ুন

×