ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

গরম দুধ দিয়ে ঝলসে দেওয়া হলো শিশুটিকে!

গরম দুধ দিয়ে ঝলসে দেওয়া হলো শিশুটিকে!
×

কিশোরগঞ্জ অফিস

প্রকাশ: ২৯ অক্টোবর ২০১৯ | ১২:০৯

কিশোরগঞ্জের কুলিয়ারচরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সিয়াম নামে ১০ বছরের এক শিশুর শরীরে গরম দুধ ঢেলে ঝলসে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

গত শনিবার বিকেলে উপজেলার নোয়াগাঁও বেপারীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। শিশু সিয়াম উপজেলার পৌর এলাকার বেপারীপাড়া গ্রামের সিএনজিচালক মানিক মিয়ার ছেলে।

সিয়ামের মা খোর্শেদা বেগম (৩৫) অভিযোগে জানান, শনিবার বিকেলে সিয়াম পার্শ্ববর্তী বাড়ির প্রবাসী সোলমান মিয়ার সীমানা থেকে বালু আনার অপরাধে তার স্ত্রী শিল্পী বেগমের (৩৫) সঙ্গে সিয়ামের মায়ের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে শিল্পী বেগম ক্ষিপ্ত হয়ে সিয়ামের গায়ে গরম দুধ ঢেলে দেয়। এতে সিয়ামের শরীর ঝলসে যায়।

সিয়ামের চিৎকার শুনে আশপাশের লোকজন ঘটনাস্থলে এসে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন। চিকিৎসক আহত সিয়ামকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা বার্ন হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন।

সিয়ামের পরিবার আরও জানায়, টাকার অভাবে শিশুটিকে চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া সম্ভব হচ্ছে না। এ ঘটনার পর থেকে সিয়ামের মা স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কুলিয়ারচর থানায় বিচারের দাবি নিয়ে ঘুরছেন। একটি প্রভাবশালী মহল ঘটনাটি ধামাচাপা দেওয়ার পাঁয়তারা করছে বলেও জানান মোর্শেদা বেগম।

এ ব্যাপারে অভিযুক্ত শিল্পী বেগমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ অস্বীকার করে বলেন, সিয়ামের পরিবার তাদের বাড়িতে হামলা করে দু'জনকে মারধর করেছে।

এ ব্যাপারে কুলিয়ারচর থানার সেকেন্ড অফিসার মুহাম্মদ আজিজুল হক জানান, আহত সিয়ামকে নিয়ে তার মা গত সোমবার বিকেলে থানায় এসেছিলেন। তাকে লিখিত অভিযোগ করতে বলা হয়েছে।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউসার আজিজ বলেন, শিশুটিকে দেখেছি। খুবই দুঃখজনক ঘটনা। লিখিত অভিযোগসহ আইনগত ব্যবস্থা নিতে পরামর্শ দিয়েছি।

আরও পড়ুন

×