সাকিবের নিষেধাজ্ঞার প্রতিবাদে মাগুরায় বিক্ষোভ মিছিল
সাকিবের নিষেধাজ্ঞার প্রতিবাদে মাগুরায় বিক্ষোভ মিছিল
মাগুরা প্রতিনিধি
প্রকাশ: ৩০ অক্টোবর ২০১৯ | ০০:৩৭ | আপডেট: ৩০ অক্টোবর ২০১৯ | ০১:২৩
বাংলাদেশ অলরাউন্ডার সাকিব আল হাসানকে সব ধরনের ক্রিকেটে দুই বছরের জন্য নিষিদ্ধ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। এ খবরে তার নিজ জেলা মাগুরার ক্রিকেটপ্রেমীদের মধ্যে হতাশার ছায়া নেমে এসেছে।
এই নিষেধাজ্ঞার প্রতিবাদে মঙ্গলবার রাতে মাগুরাবাসী শহরে বিক্ষোভ মিছিল করেছেন। ‘মিছিলকারীরা নো সাকিব, নো ক্রিকেট’ বলে শ্লোগান দিয়েছেন। মিছিল থেকে মাগুরাবাসী সাকিবের নিষেধাজ্ঞা প্রত্যাহার না করলে বড় ধরনের আন্দোলনের ঘোষণা দিয়েছে।
বুধবার সকাল ১১টায় মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের সামনে মাগুরার সর্বস্তরের জনগণ মানববন্ধনের ডাক দিয়েছে।
সাকিব যড়যন্ত্রের শিকার পাশাপাশি এটি বাংলাদেশের ক্রিকেটকে ধ্বংস করার যড়যন্ত্র বলে মন্তব্য করেছেন অনেকে।
মাগুরা নতুন বাজার সাহা পাড়ায় সাকিবের বাড়িতে গিয়ে দেখা গেছে, তার স্বজনরা এ সংবাদে মানসিকভাবে ভেঙে পড়েছেন, হয়েছেন মর্মাহত।
ক্রীড়া সংগঠক বারিক আনজান বারকি বলেন,‘ আমি মনে করি সাবিক আল হাসান যড়যন্ত্রের শিকার। আমরা এটি কিছুতেই মানবো না। আইসিসির কাছে আবেদন এটি প্রত্যাহার করা হোক’।
মাগুরা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক হাজী মকবুল হোসেন বলেন, ‘সাবিক আল হাসানকে নিষিদ্ধ করে বাংলাদেশের ক্রিকেটকে ধ্বংস করার পরিকল্পনা চলছে। আমরা এর তীব্র নিন্দা জানাই। সে জুয়াড়ির প্রস্তাব তো আর গ্রহণ করেনি। তাহলে এটি গোপন করায় কেন এত বড় শাস্তি তাকে দেওয়া হবে। আইসিসির কাছে এটি প্রত্যাহারের আবেদন জানাচ্ছি আমরা।’
এদিকে সাকিবের মা শিরিন রেজা বর্তমানে ঢাকায় অবস্থান করছেন। বাবা মাসরুর রেজা মাগুরায় থাকলেও তার দুটি ফোন নম্বর বন্ধ রয়েছে। প্রতিক্রিয়া জানার জন্য বাসায় গিয়েও তাকে পাওয়া যায়নি।
- বিষয় :
- মাগুরা
- সাকিব আল হাসান
- নিষেধাজ্ঞা
- বিক্ষোভ মিছিল