নিতপুর সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
সুভাস চন্দ্র রায়
নওগাঁ প্রতিনিধি
প্রকাশ: ১৫ জুন ২০২০ | ০৭:৪৫ | আপডেট: ১৫ জুন ২০২০ | ০৯:১৫
নওগাঁর পোরশা উপজেলার নিতপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে সুভাস চন্দ্র রায় (৩৭) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। সোমবার ভোরে নীতপুর সীমান্তের ২২৭ নম্বর পিলারের নিকট প্রায় ৫০০ মিটার ভারতের অভ্যন্তরে এ ঘটনায় আরও একজন নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে।
নিহত সুভাস পোরশা উপজেলার তুরিপাড়া গ্রামের ভুলু রায়ের ছেলে। নিহতের মরদেহ বিএসএফের হেফাজতে রয়েছে।
তবে এ ব্যাপারে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) পক্ষ থেকে লাশ ফেরত চেয়ে ও পতাকা বৈঠকের আহ্বান জানিয়ে বিএসএফকে পত্র দিলেও সোমবার বিকেল ৫টা পর্যন্ত তারা কোন জবাব দেয়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার রাতে নিতপুর সীমান্ত দিয়ে চোরাই পথে ভারতের অভ্যন্তরে ৮-১০ জন রাখাল গরু নিতে যায়। সোমবার ভোরে গরু নিয়ে ফেরার পথে ২২৭ নম্বর পিলারের নিকট ভারতের অভ্যন্তরে তাদের লক্ষ্য করে গুলি চালায় ভারতের আগ্রাবাদ ক্যাম্পের বিএসএফ সদস্যরা। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান সুভাস। এ ছাড়া তার সহযোগী আরও একজনের কোন খোঁজ পাওয়া যাচ্চে না বলে জানান তারা।
এ ব্যাপারে ১৬ বিজিবি নীতপুর ক্যাম্পের সুবেদার আনিছুর রহমান বলেন, প্রায় দুইকিলোমিটার ভারতের অভ্যন্তরে এক বাংলাদেশি গুলিবিদ্ধ হয়ে পড়ে আছে বলে শুনেছি। এ ছাড়া আরও কেউ আহত আছে কি-না খোঁজ নেওয়া হচ্ছে। ঘটনার পর বিএসএফ’র সাথে পতাকা বৈঠকের আহ্বান করা হয়েছে।
এদিকে নওগাঁ-১৬ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কমান্ডিং-অফিসার লে. কর্নেল আরিফুল ইসলাম বলেন, এ ব্যাপারে বিএসএফের সাথে যোগাযোগ করার চেষ্টা চলছে। তবে এখন পযর্ন্ত তারা কোন সাড়া দেয়নি।