বগুড়ায় করোনায় আক্রান্তের সংখ্যা দেড় হাজার ছাড়াল
প্রতীকী ছবি
বগুড়া ব্যুরো
প্রকাশ: ১৫ জুন ২০২০ | ১০:৪৪
বগুড়ায় নতুন করে ১০ শিশুসহ আরও ১৫২ জন করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছেন। বগুড়ার সিভিল সার্জন অফিসের দায়িত্বপ্রাপ্ত ডা. ফারজানুল ইসলাম সোমবার রাত ৯টায় জেলার সর্বশেষ করোনা পরিস্থিতি নিয়ে অনলাইনে ব্রিফিংয়ে এ তথ্য জানান। তিনি জানান, সর্বশেষ ১৫২ জনসহ জেলায় করোনায় মোট ১ হাজার ৫৫৪ জন আক্রান্ত বলে শনাক্ত হলেন।
জেলা স্বাস্থ্য দপ্তরের পক্ষে ডা. ফারজানুল ইসলাম জানান, সোমবার বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের (শজিমেক) পিসিআর ল্যাবে পরীক্ষা করা ১৮৭টি নমুনার মধ্যে ৯৪টি পজিটিভ আসে। আর বেসরকারি টিএমএসএস মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে বগুড়ার ৬৮টি নমুনার মধ্যে ৩০টি পজিটিভ আসে। এছাড়া টিএমএসএম মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে রোববার রাতে করা ফলাফলে আরও ২৮টি পজিটিভ আসে। ফলে সব মিলিয়ে জেলায় নতুন করে ১৫২ জন করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছেন।
ডা. ফারজানুল বলেন, বগুড়ায় করোনায় আক্রান্তদের মধ্যে ২৪ ঘন্টায় ৯ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট ৯৫ জন সুস্থ হলেন। তবে করোনায় আক্রান্ত হয়ে নতুন করে ৩ জনের মৃত্যুতে মৃৃতের সংখ্য দাঁড়িয়েছে ১৭ জনে। এ ছাড়া জেলা সদরের মোহাম্মদ আলী হাসপাতাল ও হোম আইসোলেশনে বর্তমানে ১ হাজার ৪৪২ জন চিকিৎসাধীন রয়েছেন।