ঢাকা সোমবার, ১৩ জুলাই ২০২৬

নাসিমকে নিয়ে ফেসবুকে কটুক্তি, শাবি শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা

নাসিমকে নিয়ে ফেসবুকে কটুক্তি, শাবি শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা
×

শাবি প্রতিনিধি

প্রকাশ: ১৫ জুন ২০২০ | ১০:৪৭

সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও আওয়ামী লীগের সদ্য প্রয়াত নেতা মোহাম্মদ নাসিমকে নিয়ে কটুক্তি করে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার অভিযোগে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) এক শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। 

সোমবার জালালাবাদ থানার দায়িত্বরত ওসি (তদন্ত) মো. শাহ আলম সমকালকে এ তথ্য নিশ্চিত করেছেন।

ওসি শাহ আলম জানান, সদ্য প্রয়াত সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমকে নিয়ে কটুক্তি করে ফেসবুকে স্ট্যাটাস দেয়ার অভিযোগ উল্লেখ করে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মুহাম্মদ ইশফাকুল হোসেন। অভিযুক্ত ওই শিক্ষার্থীর নাম মাহীর চৌধুরী। তিনি শাবির অর্থনীতি বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র।

এ বিষয়ে মাহীরের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তাকে ফোনে পাওয়া যায়নি। অন্যদিকে তার এই স্ট্যাটাসের জন্য আলোচনা সমালোচনা শুরু হলে তিনি ফেসবুক লাইভে এসে নিজের ভুল স্বীকার করেন এবং দুঃখ প্রকাশ করেন।

মামলার বিষয়ে শাবি রেজিস্ট্রার মুহাম্মদ ইশফাকুল হোসেন বলেন, একজন মৃত ব্যক্তির বিরুদ্ধে সে অবমাননাকর এবং মানহানিকর কথা লিখছে৷ এটা নিয়ে বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ বা বিশ্ববিদ্যালয়ের অনেকেই সংক্ষুব্ধ। যার জন্য সকলের সিদ্ধান্তে মামলা করা হয়েছে।

আরও পড়ুন

×