ভোলার ঘটনায় বিএনপি ঘোলা পানিতে মাছ শিকার করতে চেয়েছে: কাদের
ছবি: সমকাল
ভোলা ও চরফ্যাসন প্রতিনিধি
প্রকাশ: ৩০ অক্টোবর ২০১৯ | ০৬:৩৬
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ভোলার ঘটনায় বিএনপি ঘোলা পানিতে মাছ শিকার করতে চেয়েছে। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই সুযোগ দেননি। তিনি ঘোষণা দিয়েছেন, যারাই ভোলার ঘটনায় জড়িত, কেউ ছাড় পাবে না। খুনি আওয়ামী লীগের হলেও ক্ষমা করা হবে না। অপরাধীরা কেউ পার পেয়ে যেতে পারবে না।
বুধবার দুপুরে ভোলার চরফ্যাসন ঈদগাহ মাঠে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ওবায়দুল কাদের। দলের নেতা-কর্মীদের সতর্ক করে দিয়ে তিনি বলেন, দল ভারী করার জন্য খারাপ লোকদের দলে নেবেন না। খারাপ লোকেরা বসন্তের কোকিল। বসন্ত চলে গেলে এদের আর খুঁজে পাওয়া যাবে না। আর জনগণের সঙ্গে ভালো আচরণ করবেন। দশটা উন্নয়ন কোনো কাজে আসবে না,যদি একটা খারাপ আচরণ করেন। একটা খারাপ আচরণ দশটা উন্নয়নকে ম্লান করে দেয়। মনে রাখবেন, ক্ষমতা চিরদিন থাকবে না। এমন কোনো কিছু করবেন না, যাতে নেত্রীর উন্নয়ন ম্লান হয়ে যায়।
শুদ্ধি অভিযান প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, শেখ হাসিনা লোক দেখানো শুদ্ধি অভিযান করছেন না। তিনি আপন ঘরের লোককেও ছাড় দেননি। শেখ হাসিনা বাংলার জনগণের চোখের ভাষা, মুখের ভাষা, মনের ভাষা বুঝতে পারেন। তাই মানুষ যাদের কার্যকলাপে অসন্তুষ্ট, নেত্রী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে শুরু করেছেন।
বিএনপির উদ্দেশ্যে তিনি বলেন, বিএনপি বাংলাদেশ নালিশ পার্টিতে পরিণত হয়েছে। ক্ষমতায় থাকাকালে বিএনপি অত্যাচার, নির্যাতন, সন্ত্রাস, দুর্নীতি ও লুটপাট করেছে। জনগণের রক্ত ঝড়িয়েছে। তাই জনগণ আজ বিএনপির সঙ্গে নেই। জনগণের সমর্থন হারিয়ে বিএনপি পথ হারিয়ে পথে বসেছে।
ওবায়দুল কাদের আরও বলেন, এ দেশের ইতিহাস বলে- আন্দোলনে ব্যর্থরা নির্বাচনে বিজয়ী হয় না। বিএনপি আন্দোলনে ব্যর্থ হয়ে এখন ইস্যু খুঁজছে। বিএনপি নিরাপদ সড়ক আন্দোন থেকে কোটা আন্দোলন পর্যন্ত ইস্যু খুঁজে পায়নি। আবরার হত্যাকাণ্ড নিয়ে পানি ঘোলা করতে চেয়েছে। কিন্ত শেখ হাসিনা সেখান থেকেও কোনো ইস্যু নিতে দেননি। সর্বশেষ বিএনপি ভোলার ঘটনায় পানি ঘোলা করে মাছ শিকার করতে চেয়েছে।
ভোলা-৪ আসনের সংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকবের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন- চরফ্যাসন উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদিন আখন, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ভিপি ও পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মনির আহমেদ শুভ্র।
এর আগে মন্ত্রী ৪০ কোটি টাকা ব্যয়ে করা চরফ্যাসন-বেতুয়া সড়কের উদ্বোধন করেন। এছাড়া তিনি জ্যাকব টাওয়ার এবং শেখ রাসেল শিশু ও বিনোদন পার্ক পরিদর্শন করেন। সভায় সড়ক পরিবহন মন্ত্রী ভোলার-চরফ্যাসন-বাবুরহাট আঞ্চলিক মহাসড়ক প্রস্ততকরণে এক হাজার কোটি টাকা বরাদ্দের ঘোষণা দেন।
- বিষয় :
- ওবায়দুল কাদের
- আওয়ামী লীগ
- সেতুমন্ত্রী
- ভোলা