ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

নিখোঁজের ৩ দিন পর অটোচালকের লাশ উদ্ধার

নিখোঁজের ৩ দিন পর অটোচালকের লাশ উদ্ধার
×

শরীয়তপুর প্রতিনিধি

প্রকাশ: ৩০ অক্টোবর ২০১৯ | ০৭:২৬

শরীয়তপুরে নিখোঁজের তিনদিন পর মো. কুদ্দুস মন্ডল (৫০) নামে এক অটোরিকশা চালকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার বেলা ১২টার দিকে শরীয়তপুর শহরের বিসিক শিল্পনগরীর মাঠ থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত মো. কুদ্দুস মন্ডল ঝিনাইদহের শৌলকুপা উপজেলার শৌলকুপা গ্রামের প্রয়াত ছামাদ মন্ডলের ছেলে।

নিহতের ভাগিনা মেহেদী হাসান জানান, গত রোববার সকালে প্রতিদিনের ন্যায় অটোরিকশা নিয়ে চরপালং এলাকার ভাড়া বাসা থেকে বের হন কুদ্দুস মন্ডল। পরে আর বাসায় ফেরেননি তিনি। আত্মীয়-স্বজনদের বাড়িতে খোঁজ করে না পেয়ে সোমবার পালং মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন নিহতের পরিবার।

তিনি জানান, বুধবার দুপুরে স্থানীয়রা শহরের বিসিক শিল্পনগরীর মাঠে অর্ধগলিত অবস্থায় কুদ্দুসের লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দিলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালের মর্গে পাঠায়। তবে কুদ্দুসের অটোরিকশাটি পাওয়া যায়নি।

শরীয়তপুর সদর পালং মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম উদ্দিন বলেন, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

আরও পড়ুন

×