গাজীপুরে ওষুধ কারখানায় কেমিক্যালের ড্রাম বিস্ফোরণ, দগ্ধ চার শ্রমিক
ছবি: সংগৃহীত
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২৪ | ০১:৫০
গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী বিসিক এলাকায় ওষুধ কারখানায় কেমিক্যালের ড্রাম বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে চারজন দগ্ধ হয়েছেন। শনিবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন- গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী থানাধীন হরিণাচালা এলাকার মৃত জাহেদুল ইসলামের ছেলে রেদোয়ান আহমেদ (২৫), একই থানার বাইমাইল এলাকার দেলোয়ার হোসেনের ছেলে হৃদয় আহমেদ স্বাধীন (১৭), একই এলাকার রফিকুল ইসলামের ছেলে খালিদ আব্দুল্লাহ (১৯) ও আরমান হোসেন (২২)। দগ্ধরা সবাই ওই কারখানায় শ্রমিক হিসেবে কর্মরত।
ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীরা জানান, কোনাবাড়ী বিসিক এলাকায় ব্রিস্টল ফার্মা লিমিটেড কারখানার ওই চার শ্রমিক ওজু করতে যান। এ সময় পাশে টিনশেডের একটি কক্ষে বিদ্যুতের সুইচের পাশে রাখা কেমিক্যালের একটি ড্রাম বিস্ফোরিত হয়। এতে ওই চার শ্রমিক দগ্ধ হন। খবর পেয়ে কোনাবাড়ী মডার্ন ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছার আগেই কারখানার লোকজন আগুন নিভিয়ে ফেলেন। দগ্ধ চারজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বিষ্ট্রল ফার্মা লিমিটেড কারখানার প্যান ম্যানেজার রাজীব ভৌমিক বলেন, কারখানার ৪ শ্রমিক দগ্ধ হয়েছেন। তাদের হাসপাতালে নেওয়া হয়েছে। কিভাবে ঘটনা ঘটেছে তা আমরা খতিয়ে দেখছি।
কোনাবাড়ী মডার্ন ফায়ার সার্ভিসের ওয়্যার হাউস ইন্সপেক্টর সাইফুল ইসলাম জানান, ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছার আগেই তারা আগুন নিভিয়ে ফেলে। তবে কেমিক্যালের ড্রামের পাশেই বিদ্যুতের সুইচ ছিল। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সাকিট থেকে ঘটনাটি ঘটতে পারে।
