ঢাকা সোমবার, ১৩ জুলাই ২০২৬

নারায়ণগঞ্জে জাতীয় ব্যাডমিন্টন তারকা দম্পতি ছিনতাইয়ের শিকার

নারায়ণগঞ্জে জাতীয় ব্যাডমিন্টন তারকা দম্পতি ছিনতাইয়ের শিকার
×

শাপলা ও রাজু দম্পতি -সংগৃহীত ছবি

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১৮ জুন ২০২০ | ০৮:৩৩

নারায়ণগঞ্জে জাতীয় ব্যাডমিন্টন তারকা দম্পতি অহিদুজ্জামান রাজু ও শাপলা আক্তার ছিনতাইয়ের শিকার হয়েছেন। তাদের কাছ থেকে নগদ টাকা, মোবাইল, স্বর্ণলাঙ্কারসহ দেড় লাখ টাকার মালামাল লুটে নেয় ছিনতাইকারীরা। 

বৃহস্পতিবার ভোরে নগরের কিল্লারপুল এলাকায় ছিনতাইয়ের ওই ঘটনা ঘটে। এ ঘটনায় সদর মডেল থানায় রাজু একটি মামলা দায়ের করেছেন।

অহিদুজ্জামান রাজু সাবেক ব্যাডমিন্টন খেলোয়াড় ও জাতীয় ব্যাডমিন্টন দলের কোচ এবং তার স্ত্রী শাপলা আক্তার জাতীয় ব্যাডমিন্টনে এককে চ্যাম্পিয়ন।  

ছিনতাইয়ের শিকার অহিদুজ্জামান রাজু বলেন, আমার স্ত্রী শাপলা অসুস্থ বাবাকে দেখতে তার গ্রামের বাড়ি পাবনা গিয়েছিলেন। বৃহস্পতিবার ভোরে সে বাসযোগে এসে নারায়ণগঞ্জের খানপুরে বাসস্ট্যান্ডে এসে নামে। তাকে নেওয়ার জন্য আমি আগেই সেখানে অবস্থান করছিলাম। শাপলা বাস থেকে নামার পর একটি রিকশাযোগে হাজীগঞ্জে বাড়ি ফিরছিলাম। ওই সময় প্রচন্ড বৃষ্টি শুরু হয়। রিকশাটি কিল্লারপুল এলাকার ড্রেজার কলোনী গেটের সামনে পৌঁছালে ৩ জন যুবক আমাদের রিকশা গতিরোধ করে। ওই সময় তারা ছুরি ও চাপাতির ভয় দেখিয়ে আমাদের কাছ থেকে ২টি মোবাইল ফোন, আমার স্ত্রীর গলা থেকে এক ভরি ওজনের একটি স্বর্ণের চেইন, একটি স্বর্ণের ব্রেসলেট, দুইশ ইউএস ডলার, নগদ ১৩ হাজার ৬শ’ টাকাসহ দেড় লাখ টাকার মালামাল ছিনিয়ে নেয়। বড় কোন ঘটনার আশঙ্কায় আমরা ছিনতাইকারীদের বাধা দেওয়ার চেষ্টা করিনি।

সদর মডেল থানার ওসি আসাদুজ্জামান জানান, ছিনতাইয়ের ঘটনায় থানায় এজাহার নেওয়া হয়েছে। ছিনতাইকারীদের চিহ্নিত করে তাদের দ্রুত গ্রেফতারে পুলিশ অভিযানে নেমেছে।  

উল্লেখ্য, অহিদুজ্জামান রাজু ২০০০ সালে জুনিয়র হিসেবে বাংলাদেশ জাতীয় ব্যাডমিন্টন দলে খেলা শুরু করেন। জাতীয় দলের হয়ে খেলেছেন ২০১১ সাল পর্যন্ত। তিন বছর ধরে তিনি বাংলাদেশ জাতীয় ব্যাডমিন্টন দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন।

শাপলা আক্তার জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের ইতিহাসে এককভাবে ছয়বারের ট্রিপল ক্রাউন জয়ী। এ ছাড়া জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে সাতবার সিঙ্গেল চ্যাম্পিয়ন, নয়বার ডাবল চ্যাম্পিয়ন এবং ছয়বার মিক্সড ডাবল চ্যাম্পিয়ন হন।


আরও পড়ুন

×