জামিনের খবর জানার আগেই হার্ট অ্যাটাকে মারা গেলেন আসামি
নওগাঁ প্রতিনিধি
প্রকাশ: ৩০ অক্টোবর ২০১৯ | ০৮:৪৪ | আপডেট: ৩০ অক্টোবর ২০১৯ | ০৮:৫৩
মাদকের একটি মামলায় জেলা কারাগারে ছিলেন নওগাঁর ধামইরহাট উপজেলার কমলপুরের সাদ্দাম হোসেন ভুট্টু। মঙ্গলবার তার জামিন দেন আদালত। ওইদিন বিকেলে আদালত থেকে তার জামিনের কাগজপত্র নওগাঁ জেলা কারাগারে এসে পৌঁছে। কিন্তু ততক্ষণ না ফেরার দেশে চলে গেছেন তিনি।
সাদ্দাম হোসেন ভুট্টু (২৭) নওগাঁর ধামইরহাট উপজেলার কমলপুরের আবুল কাশেমের ছেলে। নওগাঁ জেলা কারাগারের জেলসুপার শাহ আলম খান জানান, চলতি ৪ অক্টোবর মাদকের একটি মামলায় সাদ্দাম হোসেন ভুট্টুকে আটক করে ধামইরহাট থানা পুলিশ। পরের দিন আদালতে নেওয়া হলে আদালত তাকে কারাগারে পাঠান। মঙ্গলবার ওই মামলার তারিখ ধার্য ছিলো। সকালে নওগাঁ কারাগার থেকে সাদ্দামকে আদালতে নেওয়া হয়। আদালতে হাজিরা শেষে বিকেলে তাকে জেলা কারাগারে ফিরিয়ে নেওয়া হয়। কারাগারের অভ্যন্তরে বিকেল ৪টা ৫০ মিনিটে তার বুকে ব্যথা ওঠে। সঙ্গে সঙ্গে তাকে নওগাঁ ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৫ টা ৫০মিনিটে মারা যান সাদ্দাম।
জেলসুপার আরও জানান, সাদ্দামকে হাসপাতালে নেওয়ার পর পরই আদালত থেকে তার জামিনের কাগজ জেলা কারাগারে আসে। জামিনের সংবাদ তাকে জানানোর আগেই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
নওগাঁর ডেপুটি জেলার সাইদুল ইসলাম জানান, বুধবার দুপুরে সুরতহাল ও ময়নাতদন্ত শেষে সাদ্দামের লাশ হাসপাতাল থেকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
- বিষয় :
- জামিন
- মৃত্যু
- নওগাঁ
- মাদক মামলা