কুড়িগ্রামে আরও ৫ জন করোনায় আক্রান্ত
কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশ: ১৮ জুন ২০২০ | ০৯:০২ | আপডেট: ১৮ জুন ২০২০ | ১১:২৭
কুড়িগ্রামে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। নতুন করে আরও ৫ জন আক্রান্ত হয়েছেন। বৃহস্পতিবার বিকেলে রংপুর মেডিকেল কলেজে স্থাপিত পরীক্ষাগার থেকে ২৫ জনের নমুনা পরীক্ষার ফলাফল এসেছে। তাদের মধ্যে নাগেশ্বরী উপজেলার ২ জন এবং সদর উপজেলার ৩ জনের ফলাফল পজিটিভ আসে।
নাগেশ্বরী উপজেলা স্বাস্হ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু বক্কর সিদ্দিক জানান, এই উপজেলার ভিতরবন্দ ইউনিয়নের ভিতরকুটি গ্রামে ৫৩ বছর বয়সী স্বামী এবং তার ৪৫ বছর বয়সী স্ত্রী করোনা আক্রান্ত হয়েছেন। গত ১১ জুন তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল।
সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নজরুল ইসলাম জানান, জেলা জজশীপে কর্মরত ৫৫ বছর বয়সী ও ২৩ বছর বয়সী ২ জন চতুর্থ শ্রেনীর কর্মচারী এবং বেলগাছা ইউনিয়নের পলাশবাড়ী গ্রামের ৪৫ বছর বয়সী একজন গৃহবধূ করোনায় আক্রান্ত হয়েছেন। গত ১৬ জুন এদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার পাঠানো হয়েছিল।
তিনি আরও জানান, জেলা খাদ্য নিয়ন্ত্রক ও তার গাড়ী চালকের দ্বিতীয়বারের নমুনা পরীক্ষার ফলাফল পজেটিভ এসেছে।
এদিকে সিভিল সার্জন ডা. মো. হাবিবুর রহমান জানান, জেলায় এ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১১৭ জনে। জেলার ৯ উপজেলার মধ্যে ৮ উপজেলায় এই ১১৭ জন করোনায় আক্রান্ত শণাক্ত হলেও রাজিবপুরে এখন পর্যন্ত কেউ আক্রান্ত হননি।
সিভিল সার্জন আরও জানান, গত ২৪ ঘন্টায় জেলার বিভিন্ন এলাকায় নতুন করে আরও ২২ জনকে হোম কোয়ারেন্টাইনের আওতায় আনা হয়েছে। এনিয়ে বৃহস্পতিবার জেলায় হোম কোয়ারেন্টাইনে আছেন মোট ১০৭ জন। মেয়াদ শেষ হওয়ায় ২ হাজার ৪৪৮ জনকে হোম কোয়ারেন্টাইন থেকে অবমুক্ত করা হয়েছে।
এছাড়া এ পর্যন্ত জেলা থেকে ২ হাজার ৭৪২ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। ফলাফল এসেছে ২ হাজার ১২ জনের। তারমধ্যে ১১৭ জনের ফলাফল পজেটিভ। এদের মধ্যে সুস্থ হয়েছেন ৬০ জন।
- বিষয় :
- করোনাাভাইরাস
- কুড়িগ্রাম