ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

প্রতিবন্ধীকে ধর্ষণ, ৪০ হাজার টাকায় মীমাংসা

প্রতিবন্ধীকে ধর্ষণ, ৪০ হাজার টাকায় মীমাংসা
×

মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি

প্রকাশ: ৩০ অক্টোবর ২০১৯ | ১০:২৩

মিঠাপুকুরে প্রতিবন্ধী এক মেয়েকে ধর্ষণের ঘটনা স্থানীয়ভাবে সালিশের মাধ্যমে ৪০ হাজার টাকায় মীমাংসা করা হয়েছে। ইউনিয়ন পরিষদের সদস্য এবং মাতবররা ধর্ষককে এই অর্থ জরিমানা করে নিজেরাই বাটোয়ারা করে নেন বলে অভিযোগ উঠেছে।

এলাকাবাসী ও অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার চেংমারী ইউনিয়নের প্রতিবন্ধী ওই মেয়েটি স্থানীয় মোসলেম বাজার থেকে ১৩ অক্টোবর সন্ধ্যায় বাড়ি ফিরছিলেন। পথে পূর্বমামুদের পাড়া গ্রামের প্রয়াত মজিবর রহমানের ছেলে মোতালেব মিয়া তাকে একটি ক্ষেতে নিয়ে ধর্ষণ করে। এতে গুরুতর অসুস্থ হয় মেয়েটি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় মিঠাপুকুর থানায় একটি এজাহার দায়ের করা হয়েছিল। কিন্তু, কোনো পদক্ষেপ নেয়নি পুলিশ। পরে স্থানীয়ভাবে কয়েকবার সালিশ বৈঠকের চেষ্টা চালায় ধর্ষকের লোকজন। অবশেষে গত ২৫ অক্টোবর মোসলেম বাজার এলাকায় চেংমারী ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ড সদস্য দিলশাদ হোসেনের দোকানে গোপনে সালিশ বৈঠক হয়। ইউপি সদস্যের নেতৃত্বে স্থানীয় মাতবররা সেখানে ধর্ষককে ৪০ হাজার টাকা জরিমানা করেন। এর মধ্যে বৈঠকে উপস্থিত প্রভাবশালীরা খরচ বাবদ ১৫ হাজার টাকা বাটোয়ারা করে নেয়। অবশিষ্ট টাকা ওই ইউপি সদস্য নিজের কাছে রেখে দিয়েছেন।

স্থানীয়দের অনেকে অভিযোগ করেন, তারা অন্যায়কারীর শাস্তি চেয়েছিলেন। কিন্তু, ইউপি সদস্য দিলশাদ হোসেন টাকার লোভে ঘটনাটি রফা করেছেন। ধর্ষক ও ইউপি সদস্যের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।

অভিযুক্ত ইউপি সদস্য দিলশাদ হোসেন বলেন, অভিযোগকারী ও অভিযুক্ত ব্যক্তি উভয়ই দরিদ্র। তাই স্থানীয়ভাবে ঘটনাটি ৪০ হাজার টাকা জরিমানা করে মীমাংসা করা হয়েছে।

তিনি আরও বলেন, 'আদায়কৃত জরিমানার মধ্যে মাত্র ১৫ হাজার টাকা নেওয়া হয়েছে খরচের জন্য। বাকি টাকা আমার কাছে রয়েছে। পরে ধর্ষণের শিকার ওই মেয়েকে দেওয়া হবে।'

চেংমারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রেজাউল করীম টুটুল বলেন, 'ইউনিয়ন পরিষদে ওই মেয়ের স্বজনরা অভিযোগ দিয়েছিল। পরে থানা পুলিশের কাছে পাঠিয়েছি।' তিনি বলেন, বাদী-বিবাদী যদি মীমাংসা করে থাকে, তাহলে কারও কিছু করার থাকতে পারে না।

মিঠাপুকুর থানার ওসি জাফর আলী বিশ্বাস বলেন, 'ধর্ষণের ঘটনায় কেউ মীমাংসা করতে পারে না। আমরা চাই, এ ঘটনায় মামলা হোক। আসামি গ্রেফতার করে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।'

আরও পড়ুন

×