চাঁপাইনবাবগঞ্জে হিযবুত তাহরীর সদস্যের ২৭ বছর কারাদণ্ড
শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ৩০ অক্টোবর ২০১৯ | ১০:৩৪
চাঁপাইনবাবগঞ্জে আলাদা তিনটি মামলায় নিষিদ্ধ জঙ্গি সংগঠন হিযবুত তাহরীরের সদস্য ওমর ফারুক ওরফে হ্যালিকে ২৭ বছর সশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
দণ্ডিত ওমর ফারুক চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রানীহাটী ইউনিয়নের ঘোড়াপাখিয়া গ্রামের সাদিকুল ইসলামের ছেলে। অস্ত্র আইনের দুই সাজা একসঙ্গে কার্যকর হওয়ায় তাকে ২০ বছর কারাদণ্ড ভোগ করতে হবে। বুধবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ স্পেশাল ট্রাইব্যুনাল-২-এর বিচারক ও অতিরিক্ত দায়রা জজ শওকত আলী আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
এ ছাড়া ট্রাইব্যুনাল ওই দুই মামলার পলাতক আসামি জেলার শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা গ্রামের আমিরুল ইসলামের ছেলে মেহেদী হাসান, একই গ্রামের মিজানুর রহমানের ছেলে মনিরুল ইসলাম ও এন্তাজ আলীর ছেলে তহুরুল ইসলাম বাবুর বিরুদ্ধে অপরাধ প্রমাণিত না হওয়ায় তাদের খালাস দিয়েছেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী আঞ্জুমান আরা জানান, ২০১৬ সালের ১২ জুন সদর উপজেলার ঘোড়াপাখিয়া গ্রামে রাতে হিযবুত তাহরীর সদস্যদের গোপন বৈঠক থেকে আগ্নেয়াস্ত্র, গানপাউডার, জিহাদি বইসহ ওমর ফারুককে গ্রেপ্তার করে সদর থানা পুলিশ।
এ ঘটনায় পুলিশ অস্ত্র ও বিস্ম্ফোরক রাখার দায়ে আলাদা দুটি এবং নিষিদ্ধ সংগঠনের পক্ষে কার্যক্রম পরিচালনার অভিযোগে আরও একটি মামলা করে। মামলার তদন্ত কর্মকর্তা ও সদর থানার তৎকালীন এসআই মাহবুবুর রহমান ২০১৬ সালের ১৯ সেপ্টেম্বর চারজনকে অভিযুক্ত করে ট্রাইব্যুনালে দুটি পৃথক চার্জশিট দেন।
ট্রাইব্যুনাল অস্ত্র আইনের মামলায় ওমর ফারুককে দুটি ধারায় ১০ বছর ও ৭ বছর কারাদণ্ড দেন। এই দুই সাজা একই সঙ্গে চলবে। অন্যদিকে বিস্ম্ফোরক আইনের মামলায় তাকে ১০ বছর কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেন। আসামিপক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট তহুরুল ইসলাম পিন্টু।
- বিষয় :
- হিযবুত তাহরীর
- কারাদণ্ড
- চাঁপাইনবাবগঞ্জ