আটকের ১০ ঘণ্টা পর বাংলাদেশি যুবককে ফেরত দিল বিএসএফ
বিজিবির হাতে শাহ আলমকে তুলে দেয় বিএসএফ- সমকাল
কুড়িগ্রাম ও ফুলবাড়ী প্রতিনিধি
প্রকাশ: ২২ জুন ২০২০ | ০৯:৫০ | আপডেট: ২২ জুন ২০২০ | ০৯:৫৯
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের গোড়কমন্ডল সীমান্তে জিরো লাইন অতিক্রম করে ভারতে ঢুকে পড়ায় শাহ আলম আলী (২২) নামে এক বাংলাদেশি যুবককে আটকের ১০ ঘণ্টা পর ফেরত দিয়েছে বিএসএফ।
সোমবার পতাকা বৈঠকের পর সকাল ৯ টার দিকে ওই যুবককে বিজিবি'র কাছে হস্তান্তর করে বিএসএফ। রোববার রাত ১১টার দিকে ওই যুবককে আটক করেছিল বিএসএফ।
এদিকে শাহ আলম আলীর বিরুদ্ধে ভারতে অবৈধভাবে অনুপ্রবেশের অভিযোগ এনে মামলা দায়ের করে দুপুর ২টার দিকে তাকে ফুলবাড়ি থানায় সোপর্দ করে বিজিবি।
এলাকাবাসী, বিজিবি ও পুলিশ সূত্রে জানা গেছে, গোড়কমন্ডল সীমান্তের আন্তর্জাতিক সীমানা পিলার ৯২৯ এর পার্শ্ববর্তী গোড়কমন্ডল এলাকায় জিরো লাইন থেকে মাত্র ২০ মিটার দূরত্বে শাহ আলম আলীর বাড়ি। তার বাবার নাম হোসেন আলী।
রোববার রাত ১১ টার দিকে বাড়ি ফেরার সময় শাহ আলম অন্ধকারে ভুল করে পার্শ্ববর্তী কোচবিহার জেলার দিনহাটা থানার খারিদা হরিদাস গ্রামের নো-ম্যান্স ল্যান্ডে ঢুকে পড়ে এবং কাঁটাতারের বেড়ার কাছাকাছি চলে যায়। সেখান থেকে বিএসএফের খারিদা হরিদাস বিওপি'র টহল দল আটক করে নিয়ে যায়।
খবর পেয়ে শাহ আলমকে ফেরত চেয়ে বিজিবি'র পক্ষ থেকে বিএসএফের কাছে চিঠি পাঠনো হয়। পরে সোমবার সকালে ঘটনাস্থলের পাশে বিজিবি এবং বিএসএফের মধ্যে ক্যাম্প কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক হয়। বৈঠকে বিজিবি পক্ষে গোড়কমন্ডল বিওপি'র কমান্ডার মুকুল চন্দ্র রায় এবং বিএসএফ পক্ষে খারিদা হরিদাস বিওপি'র কমান্ডার সুশীল কুমার নেতৃত্ব দেন।
লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনস্ত শিমুলবাড়ী কোম্পানি সদর দপ্তরের কমান্ডার কামরুল হাসান জানান, পতাকা বৈঠকে বিজিবি'র কাছে শাহ আলম আলীকে হস্তান্তর করে বিএসএফ। এরপর তাকে ফুলবাড়ী থানায় সোপর্দ করা হয়েছে।
এ বিষয়ে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ রাজীব কুমার রায় জানান, অবৈধ অনুপ্রবেশের মামলা রেকর্ডের পর শাহ আলম আলীকে বিকেল ৫ টার দিকে আদালতে সোপর্দ করা হয়েছে।
- বিষয় :
- যুবককে ফেরত
- বিএসএফ
- ফুলবাড়ী