সিলেটে করোনা ও উপসর্গ নিয়ে দুইজনের মৃত্যু
সিলেট ব্যুরো
প্রকাশ: ২২ জুন ২০২০ | ১০:১৬ | আপডেট: ২২ জুন ২০২০ | ১০:৩০
সিলেটে শহীদ শামসুদ্দিন হাসপাতালে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একজন ও উপসর্গ নিয়ে আরেকজনের মৃত্যু হয়েছে।
সোমবার সন্ধ্যায় এই দুইজনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা চয়ন রায়।
এদের মধ্যে করোনায় মারা যান সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার লালন মিয়া (৪৯)। তিনি উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়নের পাগলা পশ্চিমপাড়া বাহ্মণগাঁও গ্রামের মৃত খুশিদ আলীর ছেলে। এছাড়া করোনায় উপসর্গ নিয়ে মারা যান নগরীর শামীমাবাদের সত্তরোর্ধ্ব এক ব্যক্তি।
ডা. চয়ন রায় জানান, করোনায় মারা যাওয়া লালন মিয়ার লিভারের সমস্যা ছিল। অন্যদিকে উপসর্গ নিয়ে মৃত ব্যক্তি উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসে ভুগছিলেন। সোমবার বিকেলেই তাকে হাসপাতালে আনা হয়।
গত ৯ জুন নমুনা পরীক্ষায় সুনামগঞ্জের লালন মিয়ার করোনা পজিটিভ আসে। পরদিন তাকে সুনামগঞ্জ সদর হাসপাতালের ভর্তি করা হয়। গত ১৭ জুন অবস্থার অবনতি হওয়ায় তাকে শহীদ শামসুদ্দিন হাসপাতালের ভর্তি করা হয়।
- বিষয় :
- করোনাভাইরাস
- সিলেট