সিলেটে তিন জেলায় আরও ১১৩ জনের করোনা শনাক্ত
প্রতীকী ছবি
সিলেট ব্যুরো
প্রকাশ: ২২ জুন ২০২০ | ১১:১১
সিলেট বিভাগের তিন জেলায় নতুন করে আরও ১১৩ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে সিলেটে ৪০ জন, হবিগঞ্জে ৪১ জন ও সুনামগঞ্জে ৩২ জনের নতুন করে করোনা শনাক্ত হয়।
সোমবার ঢাকা ও সিলেটের পৃথক ল্যাবে নমুনা পরীক্ষায় এই ১১৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়। এ নিয়ে বিভাগে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩ হাজার ৩৭৮ জনে।
সোমবার ওসমানী মেডিকেলের পিসিআর ল্যাবে ১৮৮ জনের নমুনা পরীক্ষায় ৪১ জনের শরীরে করোনা শনাক্ত হয়। ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায় জানান, তাদের ল্যাবে শনাক্ত হওয়া ৪১ জনের মধ্যে ৪০ জন সিলেটের এবং অপরজন সুনামগঞ্জের বাসিন্দা। সিলেটে নতুন আক্রান্তদের মধ্যে দুইজন চিকিৎসকও রয়েছেন।
এ দিন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) ল্যাবে সুনামগঞ্জের আরও ৩১ জনের শরীরে করোনা শনাক্ত হয়। বিশ্ববিদ্যালয়ের জিইবি বিভাগের সহকারী অধ্যাপক হাম্মাদুল হক জানান, এ দিন তাদের ল্যাবে ১৮৮ জনের নমুনা পরীক্ষা হয়েছে। এ ছাড়া ঢাকা থেকে ই-মেইলের মাধ্যমে হবিগঞ্জের আরও ৪১ জনের শরীরে করোনা শনাক্তের তথ্য জানানো হয়েছে বলে জানান জেলার ডেপুটি সিভিল সার্জন মুখলেছুর রহমান।
নতুন আক্রান্তদের নিয়ে সিলেট জেলায় এখন মোট করোনা রোগীর সংখ্যা এক হাজার ৮৪৪ জন। সুনামগঞ্জে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৮২৭ জন। এ ছাড়া হবিগঞ্জে আক্রান্তের সংখ্যা হয়েছে ৪১৩ জন। মৌলভীবাজারে আক্রান্তের সংখ্যা ২৯৪ জন। এদের মধ্যে ৫৯ জন মারা গেছেন এবং ৭২৪ জন সুস্থ হয়েছেন বলে জানান স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় সহকারী পরিচালক ডা. আনিসুর রহমান।