বেনাপোলে ৬৯ স্বর্ণবার ও ১২ হাজার ডলারসহ আটক ৪
ছবি: সমকাল
বেনাপোল প্রতিনিধি
প্রকাশ: ৩১ অক্টোবর ২০১৯ | ০৩:০৮
বেনাপোল সীমান্তে ভারতে পাচারকালে পৃথক অভিযানে ৬৯টি স্বর্ণবার ও ১২ হাজার মার্কিন ডলারসহ চার পাচারকারীকে আটক করেছে বিজিবি সদস্যরা। জব্দকৃত স্বর্ণের ওজন ৬ কেজি ২০০ গ্রাম। বৃহস্পতিবার সকালে বেনাপোলের আমড়াখালি, সাদিপুর ও পুটখালি সীমান্তে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
৪৯ বিজিবির কমান্ডিং অফিসার লে. কর্নেল সেলিম রেজা জানান, বিপুল পরিমান স্বর্ণবার ভারতে পাচার হচ্ছে- এমন গোপন খবরে বিজিবির দু'টি টহল দল সকাল ৯টার দিকে সাদিপুর সীমান্তে অভিযানে যায়। এ সময় ৩ কেজি ৮৫০ গ্রাম ওজনের ৪৯টি স্বর্ণবারসহ মোমিন চৌধুরী (৫৫) নামের এক চোরাকারবারীকে আটক করা হয়। আটক মোমিন উদ্দিন বেনাপোলের সাদিপুর গ্রামের হাসমত আলী হাসু চৌধুরীর ছেলে। এদিকে বিজিবির অপর একটি দল আমড়াখালি চেকপোস্টে অভিযান চালিয়ে ২ কেজি ৩৩৫ কেজি ওজনের ২০টি স্বর্ণবারসহ নুরুল ইসলাম নামের এক ব্যক্তিকে আটক করে। আটক নুরুল ইসলাম পোড়াবাড়ি গ্রামের আকবর আলীর ছেলে। অপর এক ঘটনায় পুটখালি সীমান্ত থেকে ১২ হাজার মার্কিন ডলারসহ দু'জনকে আটক করা হয়। তারা হলেন- বেনাপোলের পুটখালি গ্রামের মহি উদ্দিনের ছেলে রফিকুল ইসলাম (৩৫) ও শহীদুজ্জামানের ছেলে আব্দুর রাজ্জাক (৪০)।
তিনি আরও জানান, জব্দকৃত স্বর্ণের মূল্য আড়াই কোটি টাকা। আটক চারজনকে জিজ্ঞাসাবাদ শেষে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা হয়েছে।