বগুড়ায় করোনায় ১, উপসর্গে ১ জনের মৃত্যু
বগুড়া ব্যুরো
প্রকাশ: ২৫ জুন ২০২০ | ০১:২৬ | আপডেট: ২৫ জুন ২০২০ | ০১:৩০
বগুড়ায় করোনায় আক্রান্ত হয়ে ১ জন এবং উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে স্থানীয় মোহাম্মদ আলী হাসপাতালে তারা মারা যান।
করোনায় আক্রান্ত মৃত ব্যক্তির নাম সোহেল (৩৮)। তিনি পেশায় একজন মাইক্রোবাস চালক। তিনি শহরের ঠনঠনিয়া দক্ষিণপাড়া এলাকার বাসিন্দা ছিলেন।
এছাড়া করোনার উপসর্গে মারা যাওয়া ব্যক্তি হলেন মাসুম (৩৫)। তার বাড়ি জয়পুরহাট জেলা সদরে।
মোহাম্মদ আলী হাসপাতালের হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. খায়রুল বাশার মোমিন এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, করোনা আক্রান্ত সোহেল বুধবার সকাল পৌনে ৬টার দিকে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তার অক্সিজেনের মাত্রা কমছিল। পরে তাকে আইসিইউতে নেওয়া হলে বৃহস্পতিবার সকাল ৭টার দিকে তিনি মৃত্যুবরণ করেন।
অন্যদিকে করোন উপসর্গ নিয়ে মাসুম নামের ওই ব্যক্তি জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে বুধবার রাত ১০টার দিকে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে তার মৃত্যু হয়।
ডা. খায়রুল বাশার মোমিন জানান, মাসুম করোনায় আক্রান্ত ছিলেন কি’না তা নিশ্চিত হওয়ার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে।
এদিকে বগুড়ায় নতুন করে আরও ১০৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা আড়াই হাজার ছাড়িয়ে গেছে।
বৃহস্পতিবার সকাল ১১ টায় করোনা পরিস্থিতি নিয়ে নিয়মিত ব্রিফিংয়ে বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান এসব তথ্য তুলে ধরেন। তিনি জানান, নতুন করে ১০৯ জনের করোনা করোনা শনাক্ত হওয়ায় এ পর্যন্ত জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৫১৬ জনে।
তিনি আরও জানান, বুধবার জেলায় সরকারি ও বেসরকারি পিসিআর ল্যাবে মোট ৩৩৪টি নমুনা পরীক্ষা করা হয়।
ওই ব্রিফিংয়ে জানানো হয়, ২৪ জুন পর্যন্ত জেলায় করোনায় মারা গেছেন ৪৩। তবে আশার কথা হলো, একই সময়ে নতুন করে আরও ৯জন সুস্থ হয়েছেন। এতে ওইদিন পর্যন্ত মোট ২৮৩ জন করোনা থেকে সুস্থ হয়েছেন।
ব্রিফিংয়ে বলা হয়, বগুড়ায় করোনা শনাক্তকরণ পরীক্ষার জন্য মোট ১৬ হাজার ১৬টি নমুনা সংগ্রহ করা হয়েছে। তবে ২৪জুন পর্যন্ত ১৩ হাজার ৯৮৪টি নমুনার পরীক্ষা করা সম্ভব হয়েছে।
বগুড়ায় স্বাস্থ্য দপ্তরের মুখপাত্র ডা. মোস্তাফিজুর রহমান তুহিন জানান, ২৪জুন বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের (শজিমেক) পিসিআর ল্যাবে পরীক্ষা করা ১৮৮টি নমুনায় ৬৫জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। আর বেসরকারি টিএমএসএস মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে বগুড়ার ১৪৬টি নমুনার মধ্যে পজিটিভ এসেছে আরও ৪৪টি।
ডা. মোস্তাফিজুর রহমান তুহিন বলেন, নতুন আক্রান্তদের মধ্যে ৭৬ জন পুরুষ, ২৯ নারী এবং ৪ শিশু রয়েছে। আক্রান্তদের মধ্যে ৫০ জনের বয়স ১৮ থেকে ৪০ বছরের মধ্যে। এ ছাড়া ৪১ থেকে ৫০ বছর বয়সী রয়েছেন ২১জন, ৫১ থেকে ৭০ বছর বয়সী রয়েছেন ৩১জন এবং ৭০ বছরের ওপরে রয়েছেন আরও ৩জন।
- বিষয় :
- বগুড়া
- করোনায় মৃত্যু
- করোনা শনাক্ত