ঢাকা মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

বাবাকে খাবার দিয়ে বাড়ি ফেরা হলো না সাকিমের

বাবাকে খাবার দিয়ে বাড়ি ফেরা হলো না সাকিমের
×
×

ট্রলির ধাক্কায় নিহত সাকিম হোসেন। ছবি: সংগৃহীত

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি

প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৫ | ১৬:৪০ | আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০২৫ | ১৬:৩২

কুষ্টিয়ার দৌলতপুরে বাবাকে খাবার দিয়ে বাড়ি ফেরার পথে ইটভর্তি ট্রলির ধাক্কায় সাকিম হোসেন (১২) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহত সাকিম দৌলতপুর উপজেলার শালিমপুর গ্রামের আকবর মন্ডলের ছেলে। সে তারাগুনিয়া সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল।

সোমবার বেলা সাড়ে ১১টার দিকে কুষ্টিয়া-প্রাগপুর সড়কের মথুরাপুর ইউনিয়নের কৈপাল হিসনাপাড়া মোড়ে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ট্রলিচালক পালিয়ে গেলেও তার এক সহযোগীকে আটক করেছে পুলিশ। তবে ঘাতক ট্রলিটিকে আটক করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বাবাকে পানের বরজে খাবার দিয়ে সাকিম সাইকেল চালিয়ে বাড়ির দিকে ফিরছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ইটভর্তি দ্রুতগামী ট্রলি তাকে ধাক্কা দেয়। এ সময় সাকিম সাইকেল থেকে ছিটকে রাস্তার ওপর পড়ে গেলে ট্রলির চাকা তার শরীরের ওপর দিয়ে ওঠে যায়। পরে স্থানীয়রা তাকে  দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেল চিকিৎসক  মৃত ঘোষণা করেন। এ ঘটনার পরপরই জনগণ বিক্ষোভ করে কুষ্টিয়া-প্রাগপুর সড়ক অবরোধ করে রাখলে প্রায় আধা ঘণ্টা সড়কে যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ এসে স্থানীয়দের সহায়তায় পরিস্থিতি স্বাভাবিক করে।

দৌলতপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তৌহিদুল হাসান তুহিন বলেন, মাথায় গুরুতর আঘাতের কারণে শিশুটির মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

তারাগুনিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম বলেন, সাকিম হোসেন পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল। এ ধরনের মৃত্যু খুবই মর্মান্তিক। সড়কে অবৈধ এসব যানবাহনের কারণে সাকিমের মত প্রতিভাবান শিশুকে জীবন দিতে হলো।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা জানান, দুর্ঘটনার পর ট্রলিচালক পালিয়ে গেলেও তার এক সহযোগীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে। ঘাতক ট্রলিটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আরও পড়ুন

×