ফেনীতে একদিনে ৭৮ জনের করোনা শনাক্ত
নিজস্ব প্রতিবেদক, ফেনী
প্রকাশ: ২৫ জুন ২০২০ | ০৫:২৪
ফেনীতে লকডাউনের মধ্যেও লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। বৃহস্পতিবার চিকিৎসক, পুলিশসহ আরও ৭৮ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা সংক্রমিত ব্যক্তির সংখ্যা দাঁড়ালো ৭৪৯ জনে।
বৃহস্পতিবার জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।
ফেনীর ভারপ্রাপ্ত সিভিল সার্জন এস এম মাসুদ রানা জানান, ১৬ এপ্রিল ছাগলনাইয়া উপজেলার রাধানগর ইউনিয়নের পশ্চিম মধুগ্রামে প্রথম এক যুবক করোনায় আক্রান্ত হন। করোনাভাইরাসের প্রকোপ সীমিত করার জন্য ১১ জুন থেকে জেলায় এলাকাভিত্তিক লকডাইন শুরু হয়। শহরের রামপুর এলাকা, ডাক্তার পাড়া, শান্তি কোম্পানী এলাকা, ছাগলনাইয়া ও দাগনভূঞা পৌর এলাকায় লকডাউন কার্যকর রয়েছে। কিন্তু মানুষ লকডাউন মানছে না। ফলে বৃহস্পতিবার একদিনে ৭৮ জনের করোনা শনাক্ত হয়েছে।
তিনি আরও বলেন, নতুন শনাক্ত ব্যক্তিদের মধ্যে ফেনী সদর উপজেলার ৩১ জন, দাগনভূঞার ১ জন চিকিৎসক, ৪ জন পুলিশ সদস্যসহ ২০ জন, সোনাগাজীর ৩ পুলিশ সদস্যসহ ১১ জন, ছাগলনাইয়ার ১ জন স্বাস্থ্যকর্মীসহ ১০ জন, ফুলগাজী ও পরশুরাম উপজেলার দুজন করে এবং চট্টগ্রামের জোরারগঞ্জ থানার দুজন রয়েছেন। জেলায় এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়ে মারা গেছেন ১৫ জন। আর সুস্থ হয়েছেন ২৭৪ জন।