চাঁপাইনবাবগঞ্জে ৩ জঙ্গির ১৫ বছরের কারাদণ্ড
রায়ের পর দণ্ডপ্রাপ্তদের কারাগারে নিয়ে যায় পুলিশ— সমকাল
শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ৩১ অক্টোবর ২০১৯ | ০৬:১১
চাঁপাইনবাবগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনে ১০ বছর আগে দায়ের করা একটি মামলায় নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহেদিন বাংলাদেশের (জেএমবি) তিন সদস্যকে ১৫ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. শওকত আলী আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত হলেন– নীলফামারীর সুখধনডাঙ্গা গ্রামের রফিকুল ইসলাম ওরফে রাসেল, নওগাঁর নিয়ামতপুর উপজেলার পরানপুরের হযরত আলী ওরফে ফিরোজ কবির ও চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বিশ্বনাথপুরের একরামুল হক।
এদিকে অভিযোগ প্রমাণিত না হওয়ায় এই মামলায় ১৫ জনকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।
মামলার বরাত দিয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী আঞ্জুমান আরা জানান, ২০০৮ সালের ২৫ অক্টোবর শিবগঞ্জ উপজেলার বিশ্বনাথপুরে একটি বাড়িতে গোপন বৈঠক করার সময় পুলিশ সেখানে অভিযান চালিয়ে তিন জেএমবি সদস্যকে আটক করে। এ ঘটনায় ওইদিনই শিবগঞ্জ থানার এসআই হাবিবুর রহমান বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা করেন।পরে মামলাটি সিআইডিতে স্থানান্তর করা হলে ২০০৯ সালের ২৭ সেপ্টেম্বর সিআইডির পরিদর্শক রফিকুল ইসলাম আদালতে অভিযোগপত্র দাখিল করেন।দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার আসামিদের উপস্থিতিতে রায় ঘোষণা করেন আদালত।
- বিষয় :
- জেএমবি
- জঙ্গি
- জেএমবি সদস্যদের কারাদণ্ড