কমলগঞ্জে খাস টিলা কেটে মাটি বিক্রির প্রমাণ মিলেছে
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
প্রকাশ: ২৫ জুন ২০২০ | ০৭:২৫
মৌলভীবাজারের কমলগঞ্জ সদর ইউনিয়নের বাদে উবাহাটা, সরই বাড়ি ও মধ্য কালাছড়ায় সরকারি খাস টিলা ভূমির মাটি কেটে বিক্রির প্রমাণ মিলেছে। অভিযোগ ওঠার পরে বৃহস্পতিবার সরেজমিন তদন্ত শেষে অভিযোগের সত্যতা পেয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে জেলা প্রশাসকের কাছে প্রতিবেদন পাঠিয়েছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি)।
জানা গেছে, কমলগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের বাদে উবাহাটা, সরইবাড়ি, মধ্য কালাছড়া, বড়চেগ গ্রাম এলাকায় খাস ভূমিতে বসবাসকারীরা প্রাকৃতিক টিলা কেটে মাটি বিক্রি করছেন। স্থানীয় প্রভাবশালী মহলের যোগসাজশে তারা মাটি কেটে টিলাকে সমতল ভূমিতে পরিণত করছেন।
বাংলাদেশ পরিবেশ বাঁচাও আন্দোলন (বাপা) সিলেট বিভাগীয় সম্পাদক আব্দুল করিম মুঠোফোনে বলেন, সংশ্লিষ্ট বিভাগ ও পরিবেশ অধিদপ্তরের অনুমতি ছাড়া কোন অবস্থায় ভূমির ধরণ পরিবর্তন করা যাবে না। তাছাড়া টিলা কাটা সম্পূর্ণরুপে নিষিদ্ধ। টিলার মালিক হলেও কেউ ইচ্ছে করলেই টিলা কাটতে পারবেন না। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানাই।
কমলগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাসরিন চৌধুরী বলেন, বিভিন্ন সূত্রে অভিযোগ পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে বৃহস্পতিবার সরেজমিন সার্ভেয়ার তদন্ত করে অভিযোগের সত্যতা পেয়েছেন। এরপর পরবর্তী ব্যবস্থা গ্রহণে নির্দেশনা চেয়ে মৌলভীবাজারের জেলা প্রশাসকের কাছে বৃহস্পতিবার বিকেলেই প্রতিবেদন পাঠিয়েছেন। আপাতত ঘটনাস্থল সরকারি খাস ভূমি। ‘এ ভূমির টিলা ও মাটি কাটা নিষেধ’ লিখে একটি সাইবোর্ড স্থাপন করা হচ্ছে।
কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হক বলেন, জেলা প্রশাসকের মাধ্যমে পরিবেশ অধিদপ্তরকে অবহিত করে এ ঘটনায় কঠোর ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেওয়া হচ্ছে।
- বিষয় :
- মৌলভীবাজার
- কমলগঞ্জ