গোবিন্দগঞ্জে লকডাউনের সময় বাড়লো
উপজেলার সাধারণ মানুষকে সচেতন করতে বিভিন্ন কর্মসূচি পালন করছে প্রশাসন -সমকাল
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
প্রকাশ: ২৫ জুন ২০২০ | ০৭:৩৫
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার লকডাউনের সময় বাড়ানো হয়েছে। উপজেলায় করোনা রোগীর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাওয়ায় বৃহস্পতিবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে করোনা প্রতিরোধ কমিটির সিদ্ধান্তক্রমে আগামী ৬ জুলাই সকাল ৬টা পর্যন্ত লকডাউনের সময় বৃদ্ধি করা হয়েছে।
এর আগে গত ১৪ জুন পৌরশহরের ৫, ৬, ৭ ও ৮ নম্বর ওয়ার্ড এবং ইউনিয়ন পর্যায়ে কিছু এলাকা ২৯ জুন ভোর ৬টা পর্যন্ত লকডাউন ঘোষণা করা হয়।
সভায় নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দোকান ছাড়া সব ধরণের দোকান বন্ধ রাখাসহ পৌরশহরে সিএনজি, অটোরিকশা, রিকশা, ভ্যান, নছিমন ও করিমন চলাচল বন্ধ রাখারও সিদ্ধান্ত হয়েছে।
সভায় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান, উপজেলা নির্বাহী কর্মকর্তা রামকৃষ্ণ বর্মন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজির হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মজিদুল ইসলাম প্রমুখ।
এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল লতিফ বলেন, জেলার মধ্যে এই উপজেলায় করোনা আক্রান্তের সংখ্যা অনেক বেশি। তাই সবাইকে সামাজিক দুরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেন তিনি।
- বিষয় :
- গাইবান্ধা
- গোবিন্দগঞ্জ
- লকডাউন
- করোনাভাইরাস