করোনায় মারা গেলেন শিল্পপতি হাসান জামিল
হাসান জামিল সাত্তার
নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা
প্রকাশ: ২৫ জুন ২০২০ | ০৮:৫১
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিশিষ্ট শিল্পপতি ও কুমিল্লার দাউদকান্দির কৃতি সন্তান ময়নামতি টেক্সটাইল মিলের ব্যবস্থাপনা পরিচালক হাসান জামিল সাত্তার (৭০) মারা গেছে। বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী ১ ছেলে, ১ মেয়ে ও ১ ভাইসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তার ভাতিজা ও দাউদকান্দি পৌর মেয়র নাঈম ইউসুফ সেইন জানান, তার চাচা কিডনিসহ শারীরিক নানা সমস্যায় ভুগছিলেন। এছাড়াও ৩ দিন আগে তার করোনা পজিটিভ আসার পর তাকে রাজধানীর ইউনাইটেড হসপিটালের আইসিইউতে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ ভোরে তিনি মারা যান। প্রবাসী স্বজনরা দেশের আসার পর শুক্রবার বেলা ১১টায় স্বাস্থ্যবিধি মেনে দাউদকান্দির হাসানপুর শহীদ নজরুল ইসলাম সংলগ্ন পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
হাসান জামিল সাত্তারের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন স্থানীয় সংসদ সদস্য মেজর জেনারেল (অব:) সুবিদ আলী ভূইয়া, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড.খন্দকার মোশাররফ হোসেন, দাউদকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী সুমনসহ অনেকে।