ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

মাছ ধরতে গিয়ে বিদ্যুতের তারে জড়িয়ে চাচা-ভাতিজার মৃত্যু

মাছ ধরতে গিয়ে বিদ্যুতের তারে জড়িয়ে চাচা-ভাতিজার মৃত্যু
×

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশ: ৩১ অক্টোবর ২০১৯ | ০৭:০৯

গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলায় বিলে মাছ ধরতে গিয়ে ইঁদুর মারার জন্য পেতে রাখা বিদ্যুতের তারে জড়িয়ে দু'জনের মৃত্যু হয়েছে।

তারা হলেন– উপজেলার দামোদরপুর ইউনিয়নের পশ্চিম দামোদরপুর গ্রামের প্রয়াত ছফুর উদ্দিনের ছেলে আইজল মিয়া (৪০) ও  একই গ্রামের দুলাল মিয়ার ছেলে উজ্জল মিয়া (১৮)। তারা সম্পর্কে চাচা-ভাতিজা।

বুধবার রাতে দামোদরপুর ইউনিয়নের পূর্ব দামোদারপুর গ্রামে কাতলামারি বিল এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তাদের মৃত্যু হয়।

স্থানীয়রা জানায়, বুধবার রাতে ভাতিজা উজ্জল মিয়াসহ কয়েকজনকে নিয়ে কাতলামারি বিলে মাছ ধরতে যান আইজল মিয়া। বিলের পাশের একটি ধানের জমি দিয়ে যাওয়ার সময় ইঁদুর মারার জন্য পেতে রাখা বিদ্যুতের তারে জড়িয়ে যান আইজল, উজ্জল ও তাদের সঙ্গী হারুন মিয়া। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান আইজল ও উজ্জল মিয়া। গুরুতর আহত হন হারুন মিয়া।

সাদুল্যাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা জানান, খবর পেয়ে হতাহতদের উদ্ধার করা হয়েছে। আহত হারুনকে উদ্ধার করে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হচ্ছে।

তিনি জানান, জমিতে বিদ্যুতের লাইন নেওয়া ও মাটিতে তার ফেলে রাখায় হতাহতের ঘটনাটি তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন

×