ঢাকা বুধবার, ১৫ জুলাই ২০২৬

ফরিদপুরে করোনা শনাক্তের সংখ্যা দেড় হাজার ছাড়াল

ফরিদপুরে করোনা শনাক্তের সংখ্যা দেড় হাজার ছাড়াল
×

ফরিদপুর অফিস

প্রকাশ: ২৬ জুন ২০২০ | ০২:৫৭ | আপডেট: ২৬ জুন ২০২০ | ০৩:০৩

ফরিদপুরে নতুন করে ১০৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা শনাক্তের সংখ্যা ১ হাজার ৫৭৬ জনে দাঁড়ালো। ফরিদপুর মেডিকেল কলেজের করোনা শনাক্তকরণ ল্যাব সূত্রে এসব তথ্য জানা গেছে।

ফরিদপুরে নতুন শনাক্তদের মধ্যে চিকিৎসক তিনজন, স্বাস্থ্যকর্মী দুইজন, পুলিশ সদস্য ছয়জন ও আদালতের পাঁচজন সদস্য রয়েছেন। এছাড়া রয়েছেন পল্লী উন্নয়ন বোর্ডের একজন কর্মকর্তা। 

ফরিদপুরে নতুন করে যে ১০৮ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে তাদের মধ্যে ফরিদপুর সদরে ৭৮ জন, সদরপুরে ১১ জন, বোয়ালমারীতে ৯ জন, মধুখালীতে ৩ জন এবং চরভদ্রাসন ও আলফাডাঙ্গায় ২ জন করে। এর মধ্যে নারী ২৫ জন এবং পুরুষ ৮৩  জন।

ফরিদপুরে মোট শনাক্ত ১ হাজার ৫৭৬ জনের মধ্যে ফরিদপুর সদরে ৬১১ জন, ভাঙ্গায় ২৮৭ জন, বোয়ালমারীতে ২২৮ জন, সদরপুরে ১১৩ জন, নগরকান্দায় ৯৬ জন, চরভদ্রাসনে ৮১ জন, সালথায় ৫৮ জন, আলফাডাঙ্গায় ৫৫ জন  এবং মধুখালীতে ৪৭ জন রয়েছেন।

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থাপিত করোনা শনাক্তকরণ ল্যাবে গত বৃহস্পতিবার ৫৬৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ১৪০ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে ফরিদপুরে তিনটি ফলোআপসহ ১১১ জনের করোনা শনাক্ত হয়েছে। নতুন শনাক্ত হয়েছে ১০৮ জনের। এছাড়া গোপালগঞ্জে ২৫, মাদারীপুরে ৩ এবং সাতক্ষীরার ১ জনের করোনা শনাক্ত হয়েছে।

ফরিদপুরের পুলিশ সুপার মো. আলিমুজ্জামান বলেন, নতুন শনাক্ত হওয়া রোগীর সাথে পুলিশের পক্ষ থেকে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হয়েছে। ওষুধ ও খাদ্য সামগ্রীর প্রয়োজন হলে জানা মাত্রই আক্রান্তের বাড়িতে পৌঁছে দিচ্ছে পুলিশ।

ফরিদপুরের সিভিল সার্জন মো. ছিদ্দীকুর রহমান বলেন, ফরিদপুরে নতুন করে তিনজন চিকিৎসক, ছয়জন পুলিশ সদস্য এবং বিচার বিভাগের পাঁচ জন সদস্যের করোনা শনাক্ত হয়েছে। সব রোগীদের সাথে যোগাযোগ রাখছে স্বাস্থ্য কর্মীরা। কারও সাথে যদি যোগাযোগ করা সম্ভব না হয় তবে সেটা হচ্ছে ঠিকানা সঠিক না থাকা কিংবা মোবাইল নম্বর ভুল থাকা।

আরও পড়ুন

×