কিশোরগঞ্জে করোনায় আ’লীগ নেতার মৃত্যু
শহিদুজ্জামান সোনা মিয়া
কিশোরগঞ্জ অফিস
প্রকাশ: ২৬ জুন ২০২০ | ০৪:৪৩
কিশোরগঞ্জের ভৈরবে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এক আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে।
কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সন্ধ্যার পর তিনি মারা যান।
করোনায় মারা যাওয়া শহিদুজ্জামান সোনা মিয়া (৬৫) ভৈরব শহরের চন্ডিবের মধ্যপাড়া এলাকার বাসিন্দা ছিলেন। তিনি পৌর আওয়ামী লীগের ৯ নম্বর ওয়ার্ডের সাবেক সাধারণ সম্পাদক।
পারিবারিক সূত্রে জানা যায়, সোনা মিয়া বেশ কিছুদিন ধরে জ্বর-সর্দিসহ করেনাার নানা উপসর্গে আক্রান্ত ছিলেন। স্থানীয় চিকিৎসকদের পরামর্শে তার করোনাভাইরাসের পরীক্ষা করালে রিপোর্ট পজিটিভ আসে।
সোমবার তিনি কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি হন।
ভৈরব উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ও করোনাভাইরাস প্রতিরোধ কমিটির সদস্য ডা. বুলবুল আহমেদ জানান, শহিদুজ্জামান সোনা মিয়া করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসকদের পরামর্শ ও সহায়তায় কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। পরে চিকিৎসারত অবস্থায় তিনি মারা গেছেন।
তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১৬ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন এ উপজেলায়। এই নিয়ে এখানে মোট ৪৮৪ জনের শরীরে ভাইরাসটি শনাক্ত হলো। এ পর্যন্ত আসা প্রতিবেদন অনুযায়ী মারা গেছেন ১০ জন। সুস্থ হয়েছেন ২০৮ জন।
- বিষয় :
- কিশোরগঞ্জ