সাতক্ষীরা মেডিকেলের সাবেক তত্ত্বাবধায়কসহ ৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ৩১ অক্টোবর ২০১৯ | ০৯:৩১
সরকারের ছয় কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক তত্ত্বাবধায়ক ডা. শেখ শাহজাহান আলীসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দুদকের প্রধান কার্যালয়ের উপসহকারী পরিচালক মো. ফেরদৌস রহমান বাদী হয়ে বৃহস্পতিবার সমন্বিত জেলা কার্যালয় খুলনায় মামলাটি করেন।
মামলার অন্য চার আসামি হলেন- মেসার্স মার্কেন্টাইল ট্রেড ইন্টারন্যাশনালের মালিক মো. আবদুস সাত্তার সরকার, মো. আহসান হাবীব, বেঙ্গল সায়েন্টিফিক অ্যান্ড সার্জিক্যালের মো. জাহের উদ্দিন সরকার ও ইউনির্ভাসেল ট্রেড করপোরেশনের মালিক মো. আসাদুর রহমান।
এজাহারে বলা হয়, আসামিরা অসৎ উদ্দেশ্যে একে অপরের সহায়তায় অপরাধমূলক বিশ্বাসভঙ্গ ও অপরাধমূলক অসদাচরণ করে ক্ষমতার অপব্যবহারপূর্বক প্রতারণা ও জালজালিয়াতির আশ্রয় নিয়ে পিএসিএস নামক সফটওয়্যার, অন্যান্য মেশিনারিজ সরবরাহ করা হয়নি। পরে তারা ভুয়া বিল দাখিল করে সরকারের ছয় কোটি ছয় লাখ টাকা উত্তোলন করে আত্মসাৎ করেন।