কেশবপুরে ছোট ভাইয়ের ধাক্কায় পড়ে গিয়ে বড় ভাই নিহত
প্রতীকী ছবি
কেশবপুর (যশোর) প্রতিনিধি
প্রকাশ: ৩০ জুন ২০২০ | ০৪:৪৯
যশোরের কেশবপুরে জমি নিয়ে বিরোধে ছোট ভাইয়ের ধাক্কায় কওছার আলী (৭০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। মঙ্গলবার সকালের এ ঘটনায় পুলিশ একজনকে আটক করেছে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, উপজেলার দোরমুটিয়া গ্রামের মৃত তালেব মোড়লের ছেলে কওছার আলীর সঙ্গে বসতভিটার জমি নিয়ে তার ছোট ভাই মকছেদ আলীর বিরোধ চলে আসছিল। সকালে মকছেদ আলী তার বসতভিটায় ঘর নির্মাণের জন্য ভিত করতে গেলে বড়ভাই কওছার আলী বাধা দেয়। এ সময় কথা কাটাকাটির এক পর্যায়ে মকছেদ আলী ও তার ছেলে সুইট কওছার আলীকে ধাক্কা দিলে সে ইটের ওপর পড়ে গিয়ে মাথায় আঘাত প্রাপ্ত হন। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। এ সময় জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. সোনিয়া পারভীন কওছার আলীকে মৃত ঘোষণা করেন।
কেশবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জসিমউদ্দীন জানান, সংবাদ পেয়ে পুলিশ তাৎক্ষনিকভাবে অভিযান চালিয়ে মকছেদ আলীর স্ত্রী শেফালী বেগমকে আটক করেছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
- বিষয় :
- যশোর
- কেশবপুর
- জমি নিয়ে বিরোধ
- বড় ভাই নিহত