৬ মাস ধরে চালক নেই অ্যাম্বুলেন্স সেবাও বন্ধ
ফাইল ছবি
কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি
প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৫ | ২৩:২০
কয়েক বছর আগে তিনটি অ্যাম্বুলেন্সের মধ্যে একটি নষ্ট হয়ে পড়ে আছে গ্যারেজে। অপর দুটি সচল থাকলেও তার চালক নেই। ছয় মাস আগে সবশেষ চালক বদলি হলে হাসপাতালের সরকারি অ্যাম্বুলেন্স সেবা বন্ধ হয়ে যায়। কর্তৃপক্ষ বলছে, অ্যাম্বুলেন্স সেবা বন্ধ থাকায় রোগীর দুর্ভোগের বিষয়টি তারা একাধিকবার মৌখিক ও লিখিতভাবে ওপর মহলে জানালেও কোনো সুরাহা হয়নি। এমন বেহাল দশা ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ৫০ শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সের।
হাসপাতাল সূত্রে জানা গেছে, কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেবাগ্রহীতাদের আধুনিক চিকিৎসার জন্য পর্যায়ক্রমে তিনটি অ্যাম্বুলেন্স দেওয়া হয়। স্বাস্থ্য বিভাগের দেওয়া ওই তিনটির মধ্যে একটি অ্যাম্বুলেন্স অনেক আগেই অচল হয়ে গ্যারেজবন্দি আছে। অপর দুটি সচল অ্যাম্বুলেন্সের বিপরীতে মাত্র একজন চালকের পোস্টিং ছিল। ওই চালককেও গত বছরের ২৫ সেপ্টেম্বর অন্যত্র বদলি করা হয়। এর পর থেকেই হাসপাতালের অ্যাম্বুলেন্স সেবা পুরোপুরি বন্ধ রয়েছে। দীর্ঘদিন ধরে চালক না থাকায় সচল দুই অ্যাম্বুলেন্স পড়ে থেকে নষ্ট হওয়ার উপক্রম হয়েছে।
এদিকে অ্যাম্বুলেন্স সেবা বন্ধ থাকায় হাসপাতালটিতে সেবা নিতে আসা মুমূর্ষু রোগীদের ভোগান্তির শেষ নেই। বেসরকারি অ্যাম্বুলেন্স, মাইক্রোবাস ও সিএনজিচালিত অটোরিকশায় রোগী পরিবহনে দুর্ভোগের পাশাপাশি অতিরিক্ত ভাড়া গুনতে হচ্ছে ভুক্তভোগীদের। জনগুরুত্বপূর্ণ সমস্যাটি সমাধানে সংশ্লিষ্ট কর্মকর্তারা বারবার প্রতিশ্রুতি দিলেও কেউই কথা রাখেননি। সবশেষ গত মার্চ মাসের উপজেলা মাসিক সভায় ইউএনও এবং উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা এর সমাধান করবেন বলে কথা দিলেও এখন পর্যন্ত তারা সেটি বাস্তবায়ন করেননি।
গত শনিবার হাসপাতালটিতে গেলে দেখা যায়, হাসপাতালের জরুরি বিভাগের সামনে কিছু মানুষ জটলা করে আছেন। এগিয়ে গিয়ে জানা যায়, তাদের একজন মুমূর্ষু রোগীকে বাইরে পাঠাতে হবে। সরকারি অ্যাম্বুলেন্স পাচ্ছেন না। ওই রোগীর স্বজন পৌর এলাকার নিশ্চিন্তপুর গ্রামের মুক্তিযোদ্ধা সুবল দাস জানান, তাঁর জামাই কৃষ্ণ দাস গলায় আঘাত পেয়েছেন। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে আনা হলে ডাক্তাররা রোগী দেখে রেফার করেছেন জরুরিভাবে তাঁকে বাইরের হাসপাতালে নিতে হবে। কিন্তু চালক নেই বলে তারা হাসপাতালের অ্যাম্বুলেন্স ব্যবহার করতে পারছেন না। এ অবস্থায় স্বজনরা বাধ্য হয়ে বেশি টাকা দিয়ে প্রাইভেট অ্যাম্বুলেন্স ভাড়া করেছেন। কলেজপাড়া এলাকার সুশান্ত মালি নামে আরেক ভুক্তভোগী জানালেন, প্রতিনিয়ত এমন ভোগান্তির শিকার হন অনেকেই। তিনিও কিছুদিন আগে এমন পরিস্থিতিতে পড়েন। পরে বেশি টাকা দিয়ে বেসরকারি অ্যাম্বুলেন্স ভাড়া করে রোগীকে অন্য হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে রোগীদের দুর্ভোগ কমাতে দ্রুত অ্যাম্বুলেন্সের চালক নিয়োগ দেওয়ার দাবি জানান তিনি।
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও শিশির কুমার ছানা বলেন, হাসপাতালে দ্রুত অ্যাম্বুলেন্স চালক নিয়োগের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানানো হয়েছে।
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. রেজাউল ইসলাম জানান, বিষয়টি তিনি ঝিনাইদহ জেলা সিভিল সার্জনকে জানিয়েছেন। এ ছাড়া স্বাস্থ্য বিভাগের খুলনা বিভাগীয় কার্যালয়েও চিঠি দেওয়া হয়েছে। চলতি মাসেই সমস্যার সমাধান হবে বলে তিনি আশাবাদী।
কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দেদারুল ইসলাম বলেন, জনগুরুত্বপূর্ণ বিষয়টির দ্রুত সমাধানে তিনি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে নির্দেশনা দিয়েছেন। জনদুর্ভোগ লাঘবে প্রয়োজনে শিগগির তিনি বিকল্প ব্যবস্থা নেবেন।
ঝিনাইদহ জেলা সিভিল সার্জন ডা. কামরুজ্জামান বলেন, বিষয়টি সম্পর্কে তিনি অবহিত আছেন। বর্তমানে নতুন কোনো চালকের পোস্টিং হচ্ছে না। তার পরও কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দ্রুতই একজন চালকের পোস্টিংয়ের ব্যবস্থা করতে উদ্যোগ নেবেন তিনি।
- বিষয় :
- অ্যাম্বুলেন্স সেবা
