তুচ্ছ ঘটনার জেরে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ
নোয়াখালী প্রতিনিধি
প্রকাশ: ০৪ জুলাই ২০২০ | ০২:৩৭
নোয়াখালীর বেগমগঞ্জে তুচ্ছ ঘটনা নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে জয়দেব পোদ্দারক (৪৫) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার সন্ধ্যায় উপজেলার কেন্দুরবাগ গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জয়দেব পোদ্দার ওই গ্রামের স্বপন পোদ্দারের ছেলে। এ ঘটনায় অভিযুক্ত যুবরাজ চন্দ্র দাস (২৬) পলাতক রয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত জয়দেব পোদ্দারের স্ত্রীকে ইউনিয়ন পরিষদের অধীনের সড়ক পুনঃনির্মাণের কাজের শ্রমিক হিসেবে একটি কার্ড করে দেওয়ার কথা বলে কয়েকদিন আগে জাতীয় পরিচয়পত্র নেন প্রতিবেশী খোকন চন্দ্র দাসের স্ত্রী। শুক্রবার বিকালে খোকনের স্ত্রী পাসপোর্ট সাইজের ছবি নিতে পুনরায় জয়দেব পোদ্দারের স্ত্রীর কাছে যান। এ সময় জয়দেবের স্ত্রী বলেন, ছবি দিলে তো নিজেই ইউনিয়ন পরিষদের গিয়ে কার্ড করা যায়। এ নিয়ে তাদের দুইজনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। তাদের চিৎকার চেঁচামেচি শুনে ঘটনাস্থলে জয়দেব পোদ্দার ও খোকনের ছেলে যুবরাজ চন্দ্র দাস এগিয়ে যান। তাদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে যুবরাজ উত্তেজিত হয়ে জয়দেব পোদ্দারকে এলোপাতাড়ি কিল-ঘুষি মারতে থাকেন। এ সময় যুবরাজ একটি লাঠি নিয়ে জয়দেবের মাথায় আঘাত করলে তিনি অচেতন হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে বাড়ীর লোকজন জয়দেবকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সন্ধ্যায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ চৌধুরী ঘটনার সত্যতা স্বীকার বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে শনিবার সকালে নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনায় নিহতের স্ত্রী পলি শাহা বাদী হয়ে তিন জনকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন। আসামিদেরকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।