করোনা উপসর্গে মান্দা উপজেলা চেয়ারম্যানের মৃত্যু
নওগাঁ প্রতিনিধি
প্রকাশ: ০৬ জুলাই ২০২০ | ০০:১৫
নওগাঁর মান্দা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা স.ম জসিম উদ্দিন করোনা উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। সোমবার সকাল ৮টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যন।
মান্দা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুহাম্মদ মশিউর রহমান বলেন, জ্বর, সর্দি ও শ্বাসকষ্টের সমস্যা থাকায় বৃহস্পতিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাকে নিয়ে আসা হয়। আমরা করোনাভাইরাস পরীক্ষা করার জন্য পরামর্শ দিয়েছিলাম। সে দিন তিনি নমুনা দেননি। তিনি যখন বেশি অসুস্থ হয়ে পড়েন পর দিন শনিবার সকাল ৭টার দিকে আবারও তাকে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। এ সময় আমরা তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে নমুনা সংগ্রহ করি। এরপর অবস্থা গুরুতর হওয়ায় অক্সিজেন দিয়ে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ৩০ নম্বর করোনা ইউনিটে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি সোমবার সকালে মারা যান। তবে করোনা রিপোর্ট এখনো পাওয়া যায়নি।
এর আগে গত ৫ জুন মুক্তিযোদ্ধা স.ম জসিম উদ্দিনের দ্বিতীয় ছেলে এসএম সামসুজ্জোহা মন্টু (৩৩) হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান।
এ দিকে গত ২৪ ঘণ্টায় সাংবাদিক, নার্স ও মেডিকেল ল্যাব টেকনোলজিস্টসহ নতুন করে আরো ২৪ জনের শরীরে করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় কোভিড রোগীর সংখ্যা দাঁড়াল ৫৮৪ জনে। সোমবার সকালে নওগাঁর সিভিল সার্জন আকন্দ মো. আখতারুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন।
- বিষয় :
- নওগাঁ
- আওয়ামী লীগ
- রাজশাহী
- মান্দা