ঢাকা বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

বগুড়ায় আরও ৬৮ জনের করোনা শনাক্ত

বগুড়ায় আরও ৬৮ জনের করোনা শনাক্ত
×

বগুড়া ব্যুরো

প্রকাশ: ০৬ জুলাই ২০২০ | ০০:৫৩

বগুড়ায় নতুন করে আরও ৬৮ জন করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩ হাজার ৩৭৫ জনে। 

বগুড়ার সিভিল সার্জন কার্যালয়ের কর্মকর্তা ডা. ফারজানুল ইসলাম সোমবার সকালে করোনা পরিস্থিতি নিয়ে অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানান।  সকাল ১১টায় অনুষ্ঠিত ওই ব্রিফিংয়ে তিনি ৫ জুলাই জেলার সরকারি ও বেসরকারি ২টি পিসিআর ল্যাবে করা ৩৮২টি নমুনা পরীক্ষার ফলাফল জানান।

ব্রিফিংয়ে তিনি জানান, ৪ জুলাই থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৬২ জন সুস্থ হয়েছেন। ফলে জেলায় করোনাজয়ী মানুষের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ২৩ জনে। তবে একই সময়ে আরও একজনের মৃত্যু হওয়ায় করোনায় মৃতের সংখ্যা ৬২ তে গিয়ে ঠেকেছে।

বগুড়ায় গত ১ এপ্রিল প্রথম এক ব্যক্তি করোনায় আক্রান্ত হন। তারপর থেকে ৫ জুলাই পর্যন্ত জেলায় মোট ২০ হাজার ৩২২টি নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে ১৮ হাজার ৯৫ জনের রিপোর্ট পাওয়া গেছে।

সোমবার জেলা স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে আয়োজিত ওই ব্রিফিংয়ে জানানো হয়, ৫ জুলাই বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের (শজিমেক) পিসিআর ল্যাবে পরীক্ষা করা ১৮৮টি নমুনায় ২৬ জনের পজিটিভ এসেছে। আর বেসরকারি টিএমএসএস মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে বগুড়ার ১৯৪টি নমুনার মধ্যে পজিটিভ এসেছে আরও ৪২ জনের।

ডা. ফারজানুল ইসলাম জানান, নতুন করে করোনায় আক্রান্ত ৬৮ জনের মধ্যে ৪৭ জনই বগুড়া সদরের বাসিন্দা। বাকিদের মধ্যে ১২ জনের বাড়ি জেলার শেরপুর উপজেলায়। এছাড়া শাজাহানপুরের ৬ জন, শিবগঞ্জের ২ জন এবং কাহালু উপজেলার আরও একজন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন। 

তিনি বলেন, নতুন আক্রান্তদের আপাতত নিজ নিজ বাড়িতে রেখেই চিকিৎসা দেওয়া হবে। তবে এদের মধ্যে কারও অবস্থা জটিল মনে হলে তাদের হাসপাতালে স্থানান্তর করা হবে।

আরও পড়ুন

×