পটুয়াখালীতে করোনায় আক্রান্ত ৫শ’ ছাড়াল
পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশ: ০৬ জুলাই ২০২০ | ০২:২১
পটুয়াখালীতে মাত্র পাঁচদিনের ব্যবধানে ১০৭ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা ৫শ’ ছাড়িয়েছে।
গত ২৪ ঘণ্টায় জেলায় সর্বাধিক আক্রান্ত হয়েছেন ৫১ জন। এর মধ্যে সদর উপজেলায় ২৬ জন, গলাচিপায় ১০ জন, মির্জাগঞ্জে ৬ জন, কলাপাড়ায় ৫ জন ও বাউফলে ৪ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলা মোট আক্রান্তের সংখ্যা ৫২৮ জন।
এদিকে, এ পর্যন্ত জেলায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ২২ জন। এর মধ্যে পটুয়াখালী সদর উপজেলায় চারজন, বাউফলে আটজন, দুমকিতে তিনজন, কলাপাড়ায় দুইজন, গলাচিপায় দুইজন এবং মির্জাগঞ্জ, দশমিনা ও রাঙ্গাবালীতে একজন করে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। অন্যদিকে, করোনার উপসর্গ নিয়ে এ পর্যন্ত ৩০ জন মারা গেছেন। এর মধ্যে পটুয়াখালী সদর উপজেলায় নয়জন, বাউফলে আটজন, গলাচিপায় আটজন, দুমকিতে চারজন, কলাপাড়ায় একজন করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন। এছাড়া করোনায় আক্রান্ত থেকে সুস্থ হয়েছে ১২৮ জন।
বর্তমানে হাসপাতালে আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন ২৫ জন এবং হোম আইসোলেশনে রয়েছেন ৩৫৩ জন।
অন্যদিকে, পটুয়াখালীতে করোনার প্রাদুর্ভাব দেখা দেওয়ায় রেড জোন হিসেবে চিহ্নিত এলাকাসগুলোতে দ্রুত লকডাউন করা জরুরি বলে মনে করছে শহরের সচেতন মহল। যদিও পটুয়াখালীর পৌরসভা পাঁচটি ওয়ার্ডসহ জেলার বিভিন্ন পৌর ও ইউনিয়নের ১৭টি ওয়ার্ডকে ইতোমধ্যে রেড জোন হিসেবে চিহ্নিতও করা হয় এবং এসব এলাকায় গত ১৮ জুন থেকে তিন সপ্তাহের (২১ দিন) লকডাউন হওয়ার ঘোষণাও দিয়েছিল জেলা প্রশাসন। কিন্তু আগের দিন হঠাৎ করে লকডাউন কার্যক্রম স্থগিত করে জেলা প্রশাসন।
পটুয়াখালীর সিভিল সার্জন দপ্তর সূত্রের হিসাবমতে, গত ৮ মার্চ থেকে ১১ জুন পর্যন্ত ৯৬ দিনে এ জেলায় মোট করোনায় আক্রান্তের সংখ্যা ছিল ১১৪ জনে। ১২ জুন থেকে ১৯ জুন পর্যন্ত মাত্র ৭ দিনের ব্যবধানে করোনা আক্রান্তদের সংখ্যা দাঁড়ায় ২২৪ জনে। ২০ জুন থেকে ৩০ জুন পর্যন্ত মাত্র ১১ দিনে জেলায় করোনায় আক্রান্ত হন ১৬৭ জন। অর্থাৎ ৮ মার্চ থেকে ৬ জুলাই পর্যন্ত জেলায় ৫২৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে পটুয়াখালী সদর উপজেলায় সর্বাধিক আক্রান্ত হয়েছেন। এ উপজেলায় আক্রান্ত হয়েছে ৩২৯ জন। এছাড়া এ উপজেলায় করোনায় মারা গেছেন ৬ জন এবং করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন ৯ জন। অর্থাৎ প্রতিদিনই আশঙ্কাজনক হারে করোনায় আক্রান্তের সংখ্যা বাড়ছে।
এ ব্যাপারে পটুয়াখালীর সিভিল সার্জন ডা. মোহাম্মদ জাহাঙ্গীর আলম শিপন জানান, এ পর্যন্ত জেলায় ৫২৮ জন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে মারা গেছে ২২ জন, সুস্থ হয়েছে ১২৮ জন। বর্তমানে হাসপাতাল আইসোলেশনে চিকিসাধীন রয়েছে ২৫ জন জন এবং হোম আইসোলেশনে রয়েছে ৩৫৩ জন। এছাড়া হোম কোয়ারেন্টাইনে রয়েছে ৯৩৯ জন। এছাড়াও জেলায় করোনা উপসর্গ নিয়ে মারা গেছে ৩০ জন। ঈদের সময় যে শিথিলতা হওয়ার কারণে মূলত আক্রান্তের হার আগের চেয়ে বৃদ্ধি পেয়েছে। তবে, লোকজন যদি সামাজিক দূরত্ব বজায় রেখে ও স্বাস্থ্যবিধি মেনে চলেন এবং নিজের সুরক্ষা নিশ্চিত করেন তা হলে করোনার আক্রান্তের হার কমে যাবে।
জেলা প্রেশাসক মো. মতিউল ইসলাম জানান, জেলায় চিহ্নিত রেড জোন এলাকায় লকডাউন দেওয়ার জন্য মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে। এখন পর্যন্ত অনুমোদন হয়ে আসেনি। অনুমতি পেলেই লকডাউন দেওয়া হবে। তবে, স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে চিহ্নিত রেড জোন এলাকাগুলোতে মনিটরিং করা হচ্ছে।
- বিষয় :
- পটুয়াখালী
- করোনার প্রাদুর্ভাব
- আক্রান্ত