ঢাকা বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

কুড়িলে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২

কুড়িলে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৬ জুলাই ২০২০ | ০২:৪৫ | আপডেট: ০৬ জুলাই ২০২০ | ০৩:০৫

রাজধানীর কুড়িল বিশ্বরোড এলাকায় ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে দুইজন নিহত হয়েছেন।

রোববার রাতে কুড়িল বিশ্বরোড ফ্লাইওভারের নিচে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে ডিবি। 

নিহতরা হলেন-নান্নু ও মোশাররফ। তাদের আনুমানিক বয়স ৪৫-৫৫ এর মধ্যে। তাদের বিস্তারিত পরিচয় এখনও জানা যায়নি। 

গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার মশিউর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে গুলশানের তিনশ ফুট এলাকায় অবস্থান নেয় গোয়েন্দা পুলিশ। রাত আড়াইটার দিকে একটি অটোরিকশা শেওড়া বাসস্ট্যান্ড দিয়ে খিলক্ষেত ফ্লাইওভারের দিকে যেতে থাকে। থামার সংকেত পেয়েও তা উপেক্ষা করে ওপরে উঠে যায়। কুড়িল বিশ্বরোড ফ্লাইওভারের নিচে ময়লার ডিপোর পূর্বদিকে এসে অটোরিকশাটি থেকে দুইজন নেমে পুলিশের দিকে গুলি করে। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোড়ে। গুলি বিনিময়ের পর দুই ব্যক্তিকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

মশিউর বলেন, অটোরিকশা ঘেরাও করে চালক শফিকুল ইসলাম ও তার সহযোগী সিদ্দিককে গ্রেপ্তার করা হয়। সেখান থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, ২ রাউন্ড গুলি, কাদামাখা একটি চাপাতি, একটি চাকু ও দুটি মোবাইল পাওয়া গেছে।

মরদেহগুলো ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে জানান তিনি।


আরও পড়ুন

×