করোনায় নালিতাবাড়ীর প্রথম মেয়রের মৃত্যু
মুক্তিযোদ্ধা আব্দুল হালিম উকিল
শেরপুর প্রতিনিধি
প্রকাশ: ০৬ জুলাই ২০২০ | ০৬:৪৪ | আপডেট: ০৬ জুলাই ২০২০ | ০৬:৫০
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে শেরপুরের নালিতাবাড়ী উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও পৌরসভার প্রথম মেয়র মুক্তিযোদ্ধা আব্দুল হালিম উকিলের (৬৮) মৃত্যু হয়েছে। রোববার রাতে বাংলাদেশ-কুয়েত মৈত্রী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
তার ছোট ভাই নালিতাবাড়ী শহর আওয়ামী লীগের সভাপতি হাবিবুর রহমান দিপু জানান, করোনা শনাক্ত হওয়ার পর গত ২৪ জুন সাবেক মন্ত্রী মতিয়া চৌধুরী তাকে কুয়েত মৈত্রী হাসপাতালে ভর্তি করান। ভর্তির পর প্লাজমা থেরাপি দিয়ে তার চিকিৎসা চলছিল। কিন্তু রোববার রাত ১১টার দিকে তিনি বাথরূমে গিয়ে হৃদরোগে আক্রান্ত হন এবং মারা যান।
আব্দুল হালিম উকিলের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, জেলা আওয়ামী লীগের সভাপতি হুইপ আতিউর রহমান আতিক, শেরপুর ৩ আসনের এমপি প্রকৌশলী ফজলুল হক, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট চন্দন কুমার পাল, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার নূরল ইসলাম হিরো প্রমুখ।
মতিয়া চৌধুরী তার শোকবার্তায় বলেন- উকিল আওয়ামী লীগের একজন নিবেদিত প্রাণ নেতা ছিলেন। কর্মীবান্ধব উকিলের অকাল মৃত্যুতে আমি একজন বিশ্বস্ত সহযোদ্ধাকে হারালাম। আল্লাহ তাকে জান্নাতবাসী করুক এ প্রার্থণা করি।