সিলেটে ‘ভুল চিকিৎসায়’ শিশুর মৃত্যুর অভিযোগ
শিশু রিফাত
সিলেট ব্যুরো
প্রকাশ: ০৬ জুলাই ২০২০ | ০৭:৪১ | আপডেট: ০৬ জুলাই ২০২০ | ১০:৩৭
সিলেটে বেসরকারি হাসপাতালে ‘ভুল চিকিৎসায়’ তিন মাস বয়সী এক শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে। সোমবার সকালে নগরীর সোবহানীঘাটের মা ও শিশু হাসপাতালের আইসিইউতে মারা যায় শিশু রিফাত। এরপর হাসপাতালের বিরুদ্ধে ভুল চিকিৎসার অভিযোগ করেন রিফাতের বাবা সাংবাদিক নূর উদ্দিন।
বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চি ইউনিয়নের তেলিকোনা গ্রামের বাসিন্দা নূর উদ্দিন দৈনিক বাংলাদেশ সময় ও বিশ্বনাথ নিউজ টুয়েন্টিফোরের ফটো সাংবাদিক। নিহত রিফাত তার একমাত্র ছেলে সন্তান ছিল।
বিশ্বনাথ প্রেসক্লাবের (একাংশ) যুগ্ম সম্পাদক এমদাদুর রহমান মিলাত সমকালকে জানিয়েছেন, শিশুর দাফনের পর নিহতের পরিবারের পক্ষ থেকে আইনি ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, ভুল চিকিৎসায় জন্যই শিশু সন্তানের মৃত্যু হয়েছে। তিনি জানান, রোববার দুপুরে রিফাতকে পায়ুপথে জটিলতার জন্য বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শে মা ও শিশু হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেদিন রাতে তার পায়ুপথে অস্ত্রোপচার করা হয়। এরপর শিশুর শারীরিক অবস্থার অবনতি হলে বাবাকে না জানিয়ে পোস্ট অপারেটিভ থেকে আইসিইউতে স্থানান্তর করা হয়।
সোমবার সকালে শিশুর মৃত্যুর কথা জানানো হয় বলে জানিয়েছেন সাংবাদিক নূর উদ্দিন। তিনি সাংবাদিকদের বলেন, পায়ুপথে জটিলতার জন্য কিছুদিন আগে তিনি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক শিশুসার্জন ডা. শামসুদ্দিন ময়নার শরনাপন্ন হন। ডা. শামসুদ্দিন তিন মাস বয়সীকে শিশুকে পরীক্ষা করে পায়ুপথে অস্ত্রোপচারের পরামর্শ দেন। এই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী রোববার দুপুরে শিশুকে মা ও শিশু হাসপাতালে ভর্তি করান নূর উদ্দিন। এখানে রাত সাড়ে ১০টার দিকে শিশু রিফাতের অস্ত্রোপচার শুরু হয়। এই অস্ত্রোপচার শেষে শিশু রিফাতের পেট থেকে রগের মত বস্তু বের হয়েছে বলে হাসপাতালের আয়ার মাধ্যমে বাবাকে দেখানো হয়। একই সমস্যার জন্য পূর্বে মেয়ের অস্ত্রোপচার করা হলেও তখন এ ধরণের কিছু বের না হওয়ায় বাবা নূর উদ্দিনের সন্দেহ হয়। সেই সময় তিনি কিছু বলেননি। রোববার দিবাগত রাত দেড়টার দিকে নূর উদ্দিন জানতে পারেন, তার ছেলেকে আইসিইউতে স্থানান্তর করা হয়েছে। এ সময় নূর উদ্দিন কতর্ব্যরত চিকিৎসকের সঙ্গে কথা বললে তাকে জানানো হয়, শিশুর অবস্থা খারাপ হওয়ায় তাকে আইসিইউতে নেওয়া হয়েছে।
কান্নাজড়িত কন্ঠে শিশু রিফাতের বাবা বলেন, আমি নিশ্চিত আমার একমাত্র ছেলে ভুল চিকিৎসায় মারা গেছে। অস্ত্রোপচারের সময় কি করা হয়েছে, আমি জানি না। তিনি বলেন, আইসিইউতে নেওয়ার কথা শুনে বাববার ডা. শামসুদ্দিনের সঙ্গে কথা বলার চেষ্টা করেছি। কিন্তু হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক বলেছেন, এখন কথা বলা সম্ভব নয়। তবে উনার (বিশেষজ্ঞ চিকিৎসক) পরামর্শ অনুযায়ী শিশুকে আইসিইউতে নেওয়া হয়েছে। নূর উদ্দিন দাবি করেন, রাতে আইসিইউতে শিশুকে স্বাভাবিক মনে হয়নি। সে হয়ত তখনই ছেড়ে চলে যায়।
এদিকে ভুল চিকিৎসার অভিযোগ অস্বীকার করে মা ও শিশু হাসাপাতালের অ্যাডমিন ম্যানেজার মুরশেদুর রহমান বলেন, শিশুর বাবা আবেগে ভুল চিকিৎসার অভিযোগ এনেছেন। তার ছেলের খাদ্যনালী ও পায়ুপথে সমস্যা ছিল। তিনি বলেন, অস্ত্রোপচারের পর শিশুর নিউমোনিয়া বেড়ে যায়। এই সমস্যা আগেও ছিল। এজন্য শিশুকে দ্রুত আইসিইউতে নিতে হয়েছে। শিশুর বাবার অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, প্রয়োজনে মেডিকেল বোর্ড বসিয়ে খতিয়ে দেখা যাবে।
প্রসঙ্গত, মা ও শিশু হাসপাতালের বিরুদ্ধে অতীতে ভুল চিকিৎসা, বিলের জন্য মা ও নবজাতককে আটকে রাখা, রোগীর স্বজনদের সঙ্গে দুর্ব্যবহারসহ নানা অভিযোগ রয়েছে। এই হাসপাতালে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা আদায়ের ঘটনাও অতীতে ঘটেছে।
- বিষয় :
- সিলেট
- মা ও শিশু হাসপাতালে