সিলেট ও সুনামগঞ্জে আরও ৮০ জনের করোনা শনাক্ত
সিলেট ব্যুরো
প্রকাশ: ০৬ জুলাই ২০২০ | ১১:০৩ | আপডেট: ০৬ জুলাই ২০২০ | ১১:০৭
সিলেট ও সুনামগঞ্জে নতুন করে আরও ৮০ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। নতুন করে সিলেটে ৬৬ জন ও সুনামগঞ্জে ১৪ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।
সোমবার ওসমানী মেডিকেল কলেজ এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) ল্যাবে নমুনা পরীক্ষা হয়। এতে সিলেট বিভাগে করোনা আক্রান্ত বেড়ে হয়েছে ৫ হাজার ৩৪২ জন। নতুন আক্রান্তদের নিয়ে সিলেট জেলায় মোট ২ হাজার ৮৭৫ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। অন্যদিকে সুনামগঞ্জে এক হাজার ১০৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এদিন হবিগঞ্জ ও মৌলভীবাজারে কারও করোনা শনাক্ত হয়নি।
এই দুই জেলার নমুনা ঢাকায় পাঠানো হয়। এখন পর্যন্ত হবিগঞ্জে ৮০৪ জন ও মৌলভীবাজারে ৫৫৭ জনের করোনা শনাক্ত হয়েছে। সোমবার ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ৫২ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে; যাদের সবাই সিলেট জেলার বাসিন্দা।
ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায় জানিয়েছেন, এদিন ১৮৮ জনের নমুনা পরীক্ষা হয়েছে। নতুন আক্রান্তদের মধ্যে ৬ জন চিকিৎসক ছাড়াও পুলিশের বেশ কয়েকজন সদস্য রয়েছে। এদিকে শাবির পিসিআর ল্যাবে সোমবার মোট ২৮ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে ১৪ জন সিলেট জেলার ও বাকি ১৪ জন সুনামগঞ্জ জেলার বাসিন্দা।
শাবির জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি (জিইবি) বিভাগের সহকারী অধ্যাপক হাম্মাদুল হক জানিয়েছেন, এদিন তাদের ল্যাবে দুই জেলার ১৭৯ জনের নমুনা পরীক্ষা হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় সহকারী পরিচালক ডা. আনিসুর রহমান জানিয়েছেন, সিলেট বিভাগে করোনায় ৮৯ জনের মৃত্যু হয়েছে।
এখন পর্যন্ত এক হাজার ৮০২ জন সুস্থ হয়েছেন এবং বিভাগের বিভিন্ন হাসপাতালে ২৩৬ জন চিকিৎসাধীন রয়েছেন।
- বিষয় :
- করোনাভাইরাস
- সিলেট